সয়াবিন আট লিটার ৭২০ টাকা, চিনি সাত কেজি ৩৭৮ টাকা, মুগডাল এক কেজি ১০৫ টাকা, মুলা এক কেজি ১০ টাকা, আলু এক কেজি ১৮ টাকা, শিম এক কেজি ২০ টাকা, ফুলকপি একটি আট টাকা, বাঁধাকপি ১০ টাকা।এটি ছিল বাজার করতে আসা মতিনের কেনাকাটার ফর্দ। রিয়াজউদ্দিন বাজারে এসে তিনি দামের তেমন হেরফের দেখেননি। তাঁর ধারণার কাছাকাছি এসব পণ্যের দাম। তাঁর মতে বাজার এখন মোটামুটি স্থিতিশীল। এ সপ্তাহে শীতকালীন সবজির দাম কেজি প্রতি দুই-তিন টাকা কমেছে। তবে বাজার ঘুরে জানা গেছে চাল, তেল, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে।কাজির দেউড়ি বাজারের বিক্রেতা মো. ফারুক জানান, ‘সবজির ফুল সিজন আসি গেছে। তরকারির জোগানও বাড়ছে। তাই দাম কমেছে।’ কয়েকজন ব্যবসায়ী জানান, দাম কমায় বিক্রি বেড়েছে, লাভও ভালো হচ্ছে। জয়নাল আবেদিনের সামনে পালং, সর্ষে, মিষ্টি কুমড়া ও লালশাকের আঁটি। বললেন, ‘যাই কিনুন দাম আঁটি প্রতি আট থেকে ১০ টাকা।’ বহদ্দারহাটে একই মান ও আকারের মাছ বিক্রি হচ্ছে একেক দামে। ক্রেতা রাশেদ এয়াকুব বলেন, ‘সকালে বাজারে কিছুই পাওয়া যায় না। দুপুরে বাজার জমে। ভেতরের বাজারে তরকারি ও মাছের দাম কম থাকে।’ ক্রেতা ছন্দা বড়ুয়া যোগ করেন, ‘ভেতরের রাস্তাটি কাঁচা হওয়ায় সারা বছর পানি জমে থাকে। তাই বাধ্য হয়ে মহিলারা সামনে থেকেই বাজার করেন। বহদ্দারহাটে মুরগির কেজি ১০৫-১২৫ টাকা, গরু ২৮০-৩০০ টাকা এবং খাসি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। চকবাজারে আবুল হোসেন জানান, ‘সবচেয়ে কম দামে পাওয়া যায় তেলাপিয়া মাছ, তা-ও ১২০ টাকা। ছোট চিংড়ির কেজিও ২৮০ টাকা। বাজারের চেয়ে রাস্তার দুপাশে ও ঠেলাগাড়িতে কমদামে সবজি পাওয়া যায়। সেখান থেকে কেনাই উত্তম।’ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতা জানান, ‘আমাদের বিদ্যুত্ বিল, দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিতে হয় না। তাই দু-তিন টাকা কমে বিক্রি করলেও লোকসান হয় না।’ ফিরিঙ্গিবাজারের একটি মুদির দোকানের মালিক অনিল চৌধুরী জানান, ‘খোলা ও বোতলজাত তেল কেজিতে তিন-চার টাকা, চাল এক-দেড় টাকা, নুডুলস প্রতি প্যাকেটে দুটাকা বেড়েছে। গত সপ্তাহে এক কেজি পেঁয়াজ ২৮-৩০ টাকায় পাওয়া যেত এখন ৩৩-৩৪ টাকা। গত সপ্তাহে মার্কস গুঁড়ো দুধ (৫০ গ্রাম) ১৯৮ টাকায় বিক্রি করেছি। এ সপ্তাহে ২০৫ টাকা।’ দাম কেন বেড়েছে তা তিনি জানেন না।