
পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটি? সে তালিকা করতে গেলে অনেক জায়গা দরকার। তবে এটা নিশ্চিত, শীতকালে সকালে ঘুম থেকে ওঠা তার মধ্যে অন্যতম। কিন্তু সকালে তো উঠতেই হয়। সকালে ঘুম থেকে ওঠার কাজটি কেউ করে দিলে কেমন হতো? তাই রস+আলো ভেবেছে তেমনই এক অভিনব যন্ত্রের কথা। (বিনা অনুমতিতে এই যন্ত্রের বাস্তবায়ন আইনত দণ্ডনীয়!)
প্রয়োজনীয় যন্ত্রপাতি
মোবাইল ফোন, কম্বল-গ্র্যাবার, বালিশ-গ্র্যাবার, চাদর-গ্র্যাবার, রশি, বালতি ও ঠান্ডা পানি।
মোবাইল ফোন: ঘুমানোর আগে মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন। সেটার শব্দে ঘুম ভাঙলে তো ভাঙলই, আর ঘুম ভাঙলেও আপনি মোবাইল ফোনের অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়বেন।
কম্বল-গ্র্যাবার: মোবাইল ফোনের অ্যালার্মে যদি আপনার ঘুম না ভাঙে তাহলে কিছু সময় পর আপনা-আপনিই এই কম্বল-গ্র্যাবার আপনার কম্বল টানতে শুরু করবে। এর ফলে আপনি বিছানা ছেড়ে উঠলে তো উঠলেনই, আর তা না হলে আপনি আবার কম্বল টেনে গায়ে দেওয়ার চেষ্টা করবেন।
বালিশ-গ্র্যাবার: আপনি যদি কম্বল টেনে আবার আগের জায়গায় আনতে চান তাহলে সঙ্গের বালিশ-গ্র্যাবার কাজ করা শুরু করবে। মানে আপনার বালিশ ধরে টানাটানি শুরু করবে। এখন বালিশের টানাটানিতে আপনার ঘুম ভেঙে গেলে তো গেলই, আর তা না হলে আপনি এক হাতে কম্বল আর এক হাতে বালিশ ধরে টানাটানি করতে থাকবেন।
চাদর-গ্র্যাবার: আপনি যদি এক হাতে কম্বল আর এক হাতে বালিশ ধরে টানাটানি শুরু করেন তাহলে সঙ্গের চাদর-গ্র্যাবার কাজ শুরু করবে। অর্থাৎ চাদর-গ্র্যাবার আপনার চাদর ধরে টানাটানি শুরু করবে। এতে মোটামুটি আপনার ঘুম ভেঙে যেতে বাধ্য। আর তা না হলে আপনি কোনোমতে চাদর আঁকড়ে ধরে রাখতে চাইবেন।
পানির বালতি: আপনি যখন তিনটি জিনিসই একসঙ্গে ধরে টানাটানি করবেন, তখন হবে বিপদ! আপনার মাথার ওপরে যে এক বালতি পানি রাখা আছে, সেটা আপনার মাথার ওপর কাত হয়ে পড়বে। সাতসকালে বরফ-ঠান্ডা পানিতে গোসলটাও হয়ে যাবে!