
শীত শীত ভাব চলেই এল। ঋতু পরিবর্তনের এই পালায় আপনার আদরের শিশু স্বাভাবিকভাবেই একটু ঝুঁকিতে থাকে। তবে প্রতিটি ক্ষেত্রেই বাড়তি সচেতনতা শিশুকে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা থেকেই দূরে রাখবে।
আবহাওয়ার এই পরিবর্তনের সময়টাতেই সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া ভালো। আগের বারের উঠিয়ে রাখা শীতের পোশাক নামিয়ে নেওয়ার সময়টা ঠিক এখনই। এমনটাই জানালেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রিনিউরশিপ বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত। তিনি বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে পুরোনো শীতপোশাক ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী নামিয়ে নেওয়া উচিত। উঠিয়ে রাখা কাপড়গুলো নতুনভাবে পরিষ্কার করে এরপর শিশুদের জন্য ব্যবহার করা প্রয়োজন। তাই শীত মৌসুমের শুরুতেই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করতে হবে।’
এ ব্যাপারে তাসমিয়া জান্নাত দিয়েছেন আরও পরামর্শ
*শীতের শুরুর এই সময়টাতে শিশুদের ভারী শীতপোশাক না পরিয়ে ফুলহাতা জামাকাপড় পরিয়ে রাখা যেতে পারে। এই কয়েক দিনের মধ্যেই শীতের পোশাকগুলো পরিষ্কার করে নিতে হবে। সুতি কাপড় এবং প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি শীতপোশাক সহজেই ধুয়ে নেওয়া যায় এবং শুকিয়ে গেলেই এগুলো ব্যবহার করা সম্ভব। শীতপোশাকের পাশাপাশি কাঁথাও এভাবে পরিষ্কার করে নিন।
*কৃত্রিম উপাদানে তৈরি পোশাক সাধারণত ড্রাইওয়াশ করাতে হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব পোশাক কেনার সময় এগুলো পরিষ্কার করার নিয়মাবলি পাওয়া যায় এর সঙ্গেই। নিয়ম অনুযায়ী এসব পোশাক পরিষ্কার করতে হবে। অনেকে এসব পোশাক ব্যবহারের পর ড্রাইওয়াশ করিয়ে উঠিয়ে রাখেন। তবে উঠিয়ে রাখার সময় ড্রাইওয়াশ করালেও এখন নামিয়ে আবার ড্রাইওয়াশ করাতে হবে। ব্যয়বহুল এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি এড়াতে হলে ব্যবহার শেষে উঠিয়ে রাখার সময় রোদে দিয়ে ঝেড়ে প্যাকেট করে রাখতে পারেন। তবে ব্যবহারের আগে ড্রাইওয়াশ করানো জরুরি। কম্বলের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
*লেপ ব্যবহারের আগে রোদে দিয়ে ঝেড়ে এরপর কাভার লাগাতে হবে। কম্বল ড্রাইওয়াশ করানোর পরেও কাভার লাগিয়ে নেওয়া উচিত। কাভার লাগানো হলে তা যেকোনো সময়ই সহজে ধুয়ে নেওয়া যাবে বা পাল্টানো যাবে। এ ছাড়া কম্বলে ব্যবহৃত কৃত্রিম তন্তু অনেক সময় শিশুদের জন্য ক্ষতির কারণও হতে পারে, তাই নিরাপদ থাকতে কাভার লাগানোটাই ভালো।
*শীতের টুপি, মোজা, সোয়েটার, জ্যাকেট বা লেপ-কম্বল যা-ই হোক না কেন, উঠিয়ে রাখা কাপড়গুলো নামানোর সময় বড়দেরও হাঁচি হতে পারে, কারও কারও দম আটকে আসতে পারে। যত ভালোভাবেই ন্যাপথলিন দিয়ে প্যাকেট করে আর পোক্তভাবে আলমারি, ওয়ার্ডরোব বা বাক্সের মুখ আটকিয়ে রাখুন না কেন, অজান্তে ক্ষুদ্র জীবাণু আর সূক্ষ্ম ধূলিকণারা এঁটে থাকবেই এসবের মাঝে। এগুলোর কারণেই সাধারণত এমন সমস্যা হয়ে থাকে। তাই বড়রা এসব নামানোর সময় মাস্ক ব্যবহার করতে পারেন। অনেকের ধুলায় অ্যালার্জি থাকে, তাঁদের এসব কাজ না করাই ভালো। করতে হলেও তাঁদের অবশ্যই মাস্ক পরে নিতে হবে। কাপড়গুলো নামানোর পর যত দ্রুত সম্ভব, হাত-মুখ পরিষ্কার করে ফেলতে হবে।
*শীতের জন্য শিশুদের বিশেষ কোনো জুতা উঠিয়ে রাখা হলে সেগুলোও এ সময় নামিয়ে পরিষ্কার করে রাখুন। ধোয়া সম্ভব হলে ধুয়ে নিন। ধোয়া সম্ভব না হলে রোদে শুকিয়ে নিন।
*শিশুর নিরাপত্তায় পোশাক ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী পরিষ্কার রাখার পাশাপাশি সোফা, বিছানাসহ অন্যান্য আসবাব পরিষ্কার রাখুন। বিশেষত সোফায় দীর্ঘদিন একই কাভার লাগিয়ে রাখার ফলে শিশুর সমস্যা হতে পারে। সম্ভব হলে সপ্তাহে দু-এক দিন ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন আসবাবের ধুলা পরিষ্কার করতে।