শীতবস্ত্র বিতরণ
‘বাবা, কালে (শীতে) ঘুমাইবার লেইগা আমগো কেউ খেতা দেয় নাই। তোমাগো খেতা (কম্বল) দিয়া অহন রাইতে নৌকায় ঘুমাইবার পারুম।’ প্রথম আলো কেরানীগঞ্জ বন্ধুসভার উদ্যোগে জিনজিরা টাওয়ার ঘাট এলাকার নৌকার মাঝি সামাদ মোল্লা (৬৫) কম্বল পেয়ে কথাগুলো বলেন।’
গত বুধবার রাতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে উপজেলার জিনজিরা শামসুউল্লাহ ঘাট ও টাওয়ার ঘাট এলাকার খেয়ানৌকার ৭০ জন মাঝিকে কম্বল বিতরণ করা হয়।
শামসুউল্লাহ ঘাটের নৌকার মাঝি হারুন শেখ (৪৫) প্রথম আলো বন্ধুসভার কম্বল পেয়ে বলেন, ‘আমরা এ ঘাটের নৌকার মাঝিরা আপনাগো কম্বল পাইয়া খুব খুশি হইছি। আমরা রাতে নৌকায় ঘুমাই। কেউ আমাগো কিছু দিয়া সাহায্য করে নাই। এই শীতের কম্বল দিয়া ঘুমাইতে পারুম।’
কম্বল পেয়ে কেরানীগঞ্জের জিনজিরা শামসুউল্লাহ ঘাট ও টাওয়ার ঘাটের খেয়ানৌকার বেশির ভাগ মাঝি আবেগে আপ্লুত হয়ে এসব কথা বলেন। অনেকে কম্বল পেয়ে সঙ্গে সঙ্গে গায়ে জড়িয়ে নৌকায় ঘুমাতে যান। আবার কেউ-বা যাত্রীর জন্য ঘাটে নৌকা ভিড়িয়ে কম্বল গায়ে দিয়ে অপেক্ষা করতে থাকেন।