শীতবস্ত্রের জমজমাট বেচাকেনা
দিনভর রোদের রাজত্ব, সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় একটু ঠান্ডাভাব। রাত গড়িয়ে ভোর এলে তা কিছুটা বাড়ে। শীত বলতে আপাতত এটুকুই। এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতবস্ত্র কেনাকাটা। কনকনে শীতের ছোবল থেকে শরীরটাকে রক্ষার জন্য শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে নগরের শীতবস্ত্রের দোকানগুলো চষে বেড়াচ্ছেন ক্রেতারা। আর এতে জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার।‘সোয়েটার চাই ল, বাছি ল, খালি ১০০, খালি ১০০’ নগরের জহুর হকার্স মার্কেটের দোকানিদের এমন সুরেলা হাঁকডাক শুনে চোখ ফেরাতেই দেখা যায় জমজমাট বেচাকেনার দৃশ্য। দোকানিরা জানান, সপ্তাহ খানেক আগে থেকেই এখানকার প্রায় সব দোকানেই কমবেশি শীতবস্ত্রের কেনাকাটা শুরু হয়েছে। ক্রেতাদের চাহিদার দিকটা মাথায় রেখে নানা ধরনের বস্ত্রের সমাহার ঘটিয়েছেন দোকানিরা। চাদর, সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, কোট, মাফলার, টুপি, হাতমোজা সবই মিলছে কমবেশি হকার্স মার্কেটে। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা।শুধু জহুর হকার্স মার্কেট নয়, নিউ মার্কেটের মোড়, রিয়াজুদ্দিন বাজার, আগ্রাবাদ, বাদামতলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফুটপাত এবং রাস্তার পাশের ভাসমান দোকানগুলোতেও শীতবস্ত্রের ক্রেতাদের প্রচণ্ড ভিড়। নিম্নমধ্যবিত্ত ও গরিব লোকজনের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর লোকজনকেও দেখা যায় এসব দোকানে। অভিজাত বিপণি বিতানগুলোতেও রয়েছে ক্রেতাদের ভিড়। তবে এসব জায়গায় কেনাকাটা করতে আসেন অভিজাত শ্রেণীর লোকজন। জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা জানান, এবার শীতবস্ত্রের প্রচুর চাহিদার কথা ভেবে বেশ কিছু দোকানে অন্য কাপড় বিক্রি বন্ধ রেখে শুধু শীতের কাপড় বিক্রি হচ্ছে।এমন একটি দোকান কোয়ালিটি কালেকশনের মালিক মো. আবদুল কুদ্দুস বলেন, ‘শীত আসার আগে এই দোকানে প্যান্ট বিক্রি হতো। কিন্তু শীতবস্ত্রের ব্যবসায় লাভ বেশি হওয়ায় প্রতিবছর শীত এলেই আমরা প্যান্ট বিক্রি বন্ধ রেখে শীতের কাপড় বিক্রি করি।’ দামে সস্তা হওয়ায় নতুনের পাশাপাশি পুরোনো শীতবস্ত্রের চাহিদা বাড়ছে বলে তিনি জানান।জহুর হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটার মানভেদে ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১০০ থেকে এক হাজার ৫০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৬০০ টাকা, হাতমোজা ৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও সাধারণ কানটুপি ৫০ থেকে ৮০ টাকা, মাংকি টুপি ৪০ থেকে ৮০ টাকা, টি-শার্ট (ফুলহাতা) ৬০ থেকে ২০০ টাকা, মাফলার ৫০ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।আল হেরা ট্রেডার্সের মালিক মোরশেদুল আলম বলেন, ‘এখানে শীতবস্ত্রের পাশাপাশি কম্বলের বিক্রিও চলছে ভালো। প্রতিবারের মতো আমি কম্বল তুলেছি। বিক্রিও ভালো হচ্ছে।’ রুমালি ফেব্রিক্সের মালিক মো. মহিউদ্দিন জানান, মানভেদে বিভিন্ন কম্বল ১৫০ থেকে শুরু করে চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে। হকার্স মার্কেটে কথা হয় পাথরঘাটা এলাকা থেকে আসা গৃহবধূ নাসরিন সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘শীত বেশি নামলে গরম কাপড়ের দামও বেড়ে যাবে, তাই আগেভাগেই কাপড় কিনতে এখানে আসা’। তবে তাঁর অভিযোগ গতবারের তুলনায় কাপড়ের দাম এবার বেশ চড়া। নাসরিন সুলতানার মতো আরও কয়েকজন ক্রেতা জানালেন, গত বছরের তুলনায় দাম এবার ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গতবার বাচ্চাদের যে কাপড় ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ছিল তা এবার ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা জানান, কাঁচামালের দাম বাড়ার ফলে শীতের কাপড়ের দাম গতবারের চেয়ে কিছুটা বেড়েছে। আগামী দিনগুলোতে দাম আরও কিছুটা বাড়বে বলে জানান তাঁরা।