শীতবাগানে রঙের রোশনাই
শীতের সঙ্গে অন্যান্য ঋতুর একটা মৌলিক পার্থক্য আছে। এই ঋতুর প্রায় ৯০ ভাগ ফুল বর্ষজীবী। কাজেই শীতের বাগানটা একটু আগেই প্রস্তুত করে নিতে হয়- যতটা সম্ভব মাটি ঝুরঝুরে করা, বীজতলা বানানো, শেড তৈরি করা। তারপর বেড প্রস্তুত করে চারা লাগিয়ে দেওয়া। সবই শেষ করতে হয় নভেম্বর মাসের মধ্যে। কারণ, সবাই চায় শীত পড়ার সঙ্গে সঙ্গেই যেন ফুলগুলো ফোটে। আর তা যদি না-ই হলো তাহলে মৌসুমি ফুলের বাগান হলো কীভাবে! এ কথাও ঠিক যে যদি শীতের ফুল ফোটে একেবারে মৌসুমের শেষ প্রান্তে বা গ্রীষ্মে, তাহলে কি আপনি তৃপ্ত হবেন? সুতরাং সময় মেনেই মৌসুমি ফুলের বাগান সাজানো উচিত।কিন্তু অন্য মৌসুমের ফুলগুলো সাধারণত বহুবর্ষজীবী। প্রতিবছর চারা লাগানোর প্রয়োজন থাকে না। একটু যত্ন-আত্তি করলেই যথেষ্ট। সময়মতো ফুল ফুটিয়ে বাগান সাজিয়ে রাখবে। শুধু বর্ষার বাগানের জন্য কিছু বর্ষজীবী প্রজাতির চাষ করতে হয়। যেমন বিভিন্ন ধরনের লিলি, কলাবতী, উলটচন্ডাল, দোলনচাঁপা, গ্লাডিওলাস ইত্যাদি। পৃথিবীর উন্নত দেশগুলো শীতপ্রধান হওয়ায় সেখানকার ফুল নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। ফলে আবিষ্কৃত হয়েছে নানা জাত-উপজাত, বেড়েছে রঙের রোশনাই এবং এই প্রক্রিয়া এখনো চলমান। এ কারণে আপনি কোনো শীতের বাগান দেখতে গেলে মনে হবে রঙের ঝরনা দেখছেন। এর চোখ ধাঁধানো রং আপনাকেও বিমোহিত করবে নিশ্চিত। তবে চারা নির্বাচন ও পরিকল্পনায় কিছুটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যেমন কসমসের একক ফুলের চেয়ে মিশ্রফুলের বেড অনেক বেশি আকর্ষণীয়। তেমনি অ্যাস্টার, ডালিয়া, চন্দ্রমল্লিকা, সালভিয়া, জারবেরা, ফ্লক্স, পপি ইত্যাদি ফুলের মিশ্র রং দিয়েও বেড বানানো যায়। একক রং অধিকাংশ ক্ষেত্রেই অনাকর্ষী ও নিষপ্রাণ। তা ছাড়া বেডগুলো সব সময় পথের পাশে কিংবা বাগানের কিনারায় রাখতে হয়। তাতে দেখতে সুবিধা। শীতবাগানের সবচেয়ে বড় সুবিধা টবে চাষযোগ্যতা। আপনার বাগান করার মতো জায়গা নেই? কোনো সমস্যা নেই। টবেই করে ফেলুন না শীতের বাগান। চাইলে গাছসহ টবও কেনা যায় বা শুধু চারা কিনেও টবে লাগাতে পারেন। আজকাল অবশ্য এই পদ্ধতিগুলো অনেকেই জানেন।বর্তমানে দেশে শীতের বাগান সাজানোর মতো পর্যাপ্ত ফুল দেখা যায়। একসময় কিন্তু এত রঙের ফুল পাওয়া যেত না। দিন দিন বর্ণের এ প্রাচুর্যতা আরও বৃদ্ধি পাচ্ছে। শীত মৌসুমের ফুলের তালিকা অনেক দীর্ঘ। আমরা এখন শুধু তিনটি ফুল নিয়ে কথা বলব। এই ফুলগুলো অতিসমপ্রতি এসেছে আমাদের দেশে।অ্যাজালিয়াজানামতে, সর্বপ্রথম ২০০৮ সালে ঢাকা শেরাটন হোটেল কর্তৃপক্ষ এই ফুলটি নিয়ে আসে। মূল প্রবেশপথের উল্টো দিকে বড় টবে সংরক্ষিত ছিল গাছগুলো। শীতের ফুল হলেও এরা বহুবর্ষজীবী। এখানে শুধু লাল রঙের ফুল দেখা গেলেও শীতের দেশে অ্যাজালিয়ার বর্ণবৈচিত্র্য সত্যিই নজরকাড়া। এটি রডোডেনড্রন প্রজাতিভুক্ত। গাছ ছোটখাটো গুল্ম-ঝোপের মতো, প্রিয় আবাস পাহাড়ি অঞ্চল। সারা পৃথিবীতে অ্যাজালিয়ার আবাদিত জাতটাই বেশি দেখা যায়। তার মধ্যে চিরসবুজ এবং পত্রমোচি—দুই ধরনের গাছই পাওয়া যায়। পত্রমোচিদের মধ্যে ‘মোলিস’ এবং ‘সাইনেনসিস’ জাত উল্লেখযোগ্য। এদের বড় ভেরি আকৃতির ফুলগুলো বেশ আকর্ষণীয়। কমলা, লাল, গাঢ় লাল, হলুদ ‘ঝেন্ট’ জাতের হয়। তূর্য আকৃতির একক অথবা জোড়া সুগন্ধি ফুল ক্যাম্পফেরি। চাষের ক্ষেত্রে পর্যাপ্ত সূর্যালোক এবং শীতল তাপমাত্রা অত্যন্ত দরকারি। বংশবৃদ্ধি কলমে। জারবেরাআমাদের দেশে বেশ আগে থেকেই জারবেরার দু-একটি জাত দেখা যায়। তবে দেখতে ততটা সুদর্শন নয়। সমপ্রতি যশোরের ফুলচাষিরা বেশ কয়েকটি বহুবর্ষজীবী আবাদিত জাত আমদানি করেছেন। এগুলো যেমন সুদর্শন তেমনি বাজারমূল্যেও সেরা। এসব বাহারি রঙের জারবেরা ঢাকার ফুলের বাজারে বেশ চড়া দামেই বিকোয়। এটি সমতল ও পাহাড়ে সমভাবেই জন্মে। গাছ ৩০ থেকে ৪৫ সেমি উঁচু হতে পারে। একেবারে গোড়ায় কয়েকটি খণ্ডাকার পাতা থাকে। ফুল দীর্ঘ মঞ্জরিদণ্ডে, ১২ থেকে ১৫ সেমি চওড়া, ডেইজির মতো একক অথবা ডাবল। ফুল সাদা, ক্রিম, লেবু-হলুদ, কমলা, ইট-লাল, উজ্জ্বল লাল, গোলাপি, মেরুন ও বিভিন্ন মিশ্র রঙের হতে পারে। জাতভেদে পাপড়ির গড়ন ও আকৃতি ভিন্ন হতে পারে। একক এবং জোড়া উভয় ফুলের জাত খুবই আকর্ষণীয় এবং জোড়া জাতও দুই-রঙা হয়। বাগানে এর বহুমুখী ব্যবহার লক্ষ করা যায়। ফুল কেটে ফ্লাওয়ারভাসে রাখলে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে। তা ছাড়া গৃহসজ্জায়ও অনন্য।লিলিয়াম যশোর শহর থেকে বেনাপোলের দূরত্ব ৩৬ কিলোমিটার। এই দুই স্থানের মধ্যবর্তী দূরত্বে আছে গদখালী বাজার। সেখান থেকে পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে যেতে হয় ভ্যানে চেপে। ওখানেই আছে দুলাল সরকারের লিলিয়াম (Lilium spp.) ফুলের বাগান। বাড়ির দক্ষিণ পাশে আট কাঠা জায়গার ওপর তিনি লিলিয়াম চাষ করেছেন। প্রতিটি ফুল ৮০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল। তা ছাড়া ঢাকার ফুলের বাজারেও নিয়মিত বিক্রি হতে দেখা যায়। বাংলাদেশে এই প্রথম আনুষ্ঠানিক লিলিয়াম চাষ হচ্ছে। বর্ণবৈচিত্র্য, দীর্ঘস্থায়িত্ব ও সুগন্ধের জন্য লিলিয়ামের খ্যাতি বিশ্বজোড়া। সারা বিশ্বে এখন প্রায় ৯০ ধরনের লিলিয়ামের চাষ হয়। ২০০৮ সালের ৪ ডিসেম্বর চার হাজার কন্দ দিয়ে তিনি প্রথম লিলিয়াম চাষ শুরু করেন। মাত্র দুই মাসের ব্যবধানেই ফুল ফুটতে শুরু করে। প্রথম বছরই সাত-আট রকম লিলিয়াম চাষ করা হয়। সাদা, লাল, হলুদ—কত রঙের বাহার! আমাদের দেশে সঠিক পদ্ধতি অনুসরণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে প্রায় সারা বছরই লিলিয়াম চাষ করা সম্ভব। লিলিয়াম মূলত কন্দজ উদ্ভিদ। একটি কন্দ থেকে সাধারণত একটিই গাছ হয়। তাতে ফুলের সংখ্যা কয়েকটি, সুগন্ধি। পাপড়ি সংখ্যা ছয়। ক্ষেত্রবিশেষে কমবেশিও হতে পারে। ঘরে রাখলেও গন্ধ ছড়ায়।