শীতার্ত ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের দুপুর। পুকুরঘাটে বসে আছি। গোসল করতে এসেছি মিনিট দশেক হয়ে গেছে। তাহলে পানিতে নামছি না কেন?নামব না কেন, অবশ্যই নামব। শীতকাল বলে পানি ঠান্ডা। তাতে কী, গোসল তো প্রতিদিনই করি, আজও করব। ঠান্ডা পানিকে ভয় পেলে ভয়টা প্রশ্রয় পায়। তখন শীতটা আরও বেশি লাগে। অবশ্য আমি এখন ভাবছি। আমি যে খুব চিন্তাভাবনাপ্রিয় তা না। কিন্তু শীতকালে গোসলের আগে নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা করি। সেসব ভাবনা যে খুব উচ্চ পর্যায়ের, সে দাবি করি না। কিন্তু ফেলনাই বা বলি কী করে? এই যেমন আজ গোসল করতে এসে ঘাটে বসে বসে বের করে ফেললাম, ‘অতিথি পাখি মারাটা কেন অন্যায় হবে?’ সমস্যাটা সমাধান করতে পেরেছি বলেই তো চেহারায় একটা গম্ভীর ভাব আনতে পেরেছি।ওই তো, পুকুরের অন্য পাড়ে বদন ভাইকে দেখা যাচ্ছে। বড়শি হাতে মাছ শিকার করছেন। অথচ কদিন আগেও তিনি অতিথি পাখি শিকার করতেন। ইদানীং অতিথি পাখিবিষয়ক দুঃস্বপ্নের কারণে পাখি শিকার বন্ধ। স্বপ্নে দেখেন, লম্বা লম্বা পা-ওয়ালা অতিথি পাখিরা বন্দুক হাতে বদন ভাইকে তাড়া করছে। এদের মাঝে আবার কিছু পাখি নাকি ফাজিল, স্বপ্নে এরা বদন ভাইয়ের প্যান্ট ধরে টানাটানি করে, আর বিচিত্র শব্দে হাসে। যা-ই হোক, আমি আমার চিন্তায় আসি। আচ্ছা, এই চিন্তার অভ্যাসটা শীতে গোসল করার আগে আগে আসে কেন?মা বলেন, আমি নাকি অলস, আর ঠান্ডা পানি ভয় পাই। আমি ইচ্ছা করলে এক লহমায় ঠান্ডা পানিতে গোসল করে দেখিয়ে দিতে পারি। এখনই পারি। কিন্তু আমি দেখাব না। তা ছাড়া, ঘাটে বসে যে ভাবছি, এতে করে লাভও তো হচ্ছে। বেকুবরাই চিন্তাভাবনা ছাড়া চলে। আমি কি বেকুব নাকি? আচ্ছা আজ গোসল না করলে কেমন হয়? রোদহীন, কুয়াশাঝরা একটি দিন। পানিও খুব ঠান্ডা। গোসল না করলে অবশ্য মা বকবেন। তাতে কী, কারও বকা খাওয়ার ভয়ে আমি গোসল করি নাকি! আমি আমার ইচ্ছায় করি। এখন গোসল করলে মা ভাববেন, তিনি বলেছেন বলে করছি। নাহ্, আজ থাকুক। কাল গোসল করা যাবে।এতক্ষণ ঠান্ডা পানিতে পা ডুবিয়ে বসে ছিলাম। এই ঠান্ডা পানিতে গোসল করলে কী কী সমস্যা ঘটার আশঙ্কা থাকে, তা ভাবতে ভাবতে বাড়ির পথে হাঁটা ধরলাম।কিন্তু একি! বাবাকে পুকুরের দিকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। কী সর্বনাশ! আমি অতি দ্রুত পুকুরঘাটে ফিরে এলাম। লাফ দিয়ে পানিতে নেমে পড়লাম। কী আশ্চর্য! পানি এখন আর মোটেও ঠান্ডা মনে হয় না।ওই চিন্তাভাবনা সাত-আট বছর বয়সী একটি ছেলে তার গ্রামের বাড়ির পুকুরঘাটে বসে করেছিল। সে ছেলেটি কিন্তু আমি না! রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।