শীতার্ত মানুষের জন্য তারুণ্যের উষ্ণতার হাত
শীতের রাত। ঘন কুয়াশায় মোড়া শহরটি তখন গভীর ঘুমে মগ্ন। রেলওয়ে স্টেশন চত্বরে কয়েকজন মানুষ একে অপরের গায়ে গা লাগিয়ে ঘুমিয়ে ছিল। লুঙ্গি, কাঁথা, শাড়ি, পলিথিন যে যা পেয়েছে তাই দিয়েই ঢেকেছে শরীর। কিন্তু এত সামান্য প্রতিরক্ষা মানবে কেন শীত? দু-একজন তাই কাঁপছিলেন ঠক্ ঠক্ করে। ঠিক তখুনি কয়েকজন তরুণ এসে ঘুমন্ত মানুষগুলোকে ঢেকে দিলেন কম্বল দিয়ে। আকস্মিক এই ঘটনায় ঘুম ভেঙে উঠে বসেছিলেন কেউ কেউ। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন তাঁরা। যেন বুঝতে পারছিলেন না স্বপ্ন দেখছিলেন কিনা ?শীতবস্ত্র বিতরণের এই বিবরণ শোনা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আকবরের কাছ থেকে। তিনি সার্ভিস ডেভেলপিং ফার্ম (এসডিএফ) নামের একটি সংগঠনের সদ্যস্য। বিশ্ববিদ্যলয়ে পড়ুয়া তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনের উদ্যোগে সম্প্রতি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে তরুণদের বেশ কিছু সংগঠন। প্রথম আলো বন্ধুসভা, ডাস্ট ফ্রি বাংলাদেশ ও স্বপ্ন মিছিলসহ বেশ কয়েকটি সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত একমাসে নগরের বিভিন্ন স্থানে শীতার্ত মনুষকে শীতবস্ত্র বিতরণ করেছেন।প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভাসমান মানুষজনের মধ্যে ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও গ্রেসল্যান্ড প্রপার্টিজের মহাব্যবস্থাপক আবদুল মান্নান।সম্প্রতি, খুলশী বন্ধুসভাও নগরের ওয়ারলেস কলোনির ৩০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাহফুজ আলম ও খুলশী বন্ধুসভার আহ্বায়ক মুজিবুল হক। আকিব বিন হুসাইন, শারমিন রূম্পা, আলমগীর হোসেন, অদিতি ব্যানার্জি, আদনান সীমা ও তাহমিনা ইয়াসমিন এই ছয় স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন ডাস্ট ফ্রি বাংলাদেশ (ডিএফবি) নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে মুরাদপুরের আমীন কলোনি ও খুলশীর তুলাতুলি বস্তিতে ৬০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সংগঠন স্বপ্নমিছিলের উদ্যোগে ৬ জানুয়ারি শুক্রবার মিরসরাইয়ের দমদমা গ্রামে প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শীতার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ও ব্যবসায় অনুষদ বিভাগ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ব্যবসার অনুষদ বিভাগ ও সাদার্ন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বপ্নচারী, স্রোতসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শীতবস্ত্র বিতরণ করা হয় নগরের শীতার্তদের মধ্যে। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আদনান মান্নান এ প্রসঙ্গে বলেন, ‘তরুণদের মতো সব বয়েসের নাগরিকেরা যদি শীতার্ত মানুষজনের সাহায্যে হাত বাড়ায় তাহলে নগরের ছিন্নমূল মানুষের শীতের কষ্ট অনেকখানি কমবে।’