
নগর ও জেলায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ত্রিতরঙ্গ: শিল্প ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে। ১৭ জানুয়ারি শনিবার সকালে সংগঠনের নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রফেসর ডা. সুলতানুল আলম, সাংবাদিক নাসিরুল হক, ওমর কায়সার, এ কে এম জহুরুল ইসলাম, কবি কমরে আলম, প্রকৌশলী কাইজার রহমান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা, ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ, ডিজাইনার আমেনা রহমান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার মাহবুব উল আলম, চিটাগাং ওমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জাহেদা আক্তার, রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল প্রেসিডেন্ট সিজল মমতাজ, ফোর এইচ গ্রুপের পরিচালক শহিদুল ইসলাম, ত্রিতরঙ্গের অর্থসচিব জিয়াউদ্দিন চৌধুরী, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপিকা নাসিমা আখতার ডেইজী, দিলরুবা খানম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের আগে ত্রিতরঙ্গের সুহৃদ শাহীদা রহমানের অকালমৃত্যুতে তাঁর সম্মানে ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ উৎসর্গ করা হয়। ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি বিজিবি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি-লেবুছড়ি এলাকায় ১৯ জানুয়ারি কয়েক শ ছিন্নমুল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে স্থানীয় ৩১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন। কর্মসূচি উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কর্নেল খালেকুজ্জামান উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, বিজিবির সদস্যরা দেশের স্বার্থরক্ষার জন্য সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণসহ নানা সেবামূলক কাজ চালাচ্ছে। উদ্দেশ্য আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি বৃদ্ধি করা। ভবিষ্যতেও বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে।

কম্বল হাতে পেয়ে খুশি দোছড়ি গ্রামের বৃদ্ধা মং ক্য চিং বলেন, ‘কয়েক দিনের হাড়কাঁপানো শীতে ঘর থেকেও বেরোতে পারিনি। এখন কম্বল জড়িয়ে শান্তিতে ঘুমাতে পারব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ চৌধুরী, সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রশিদ।
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হাটহাজারী শাখার উদ্যোগে সম্প্রতি শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সৈয়দ কুতুব উদ্দিন আলম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনছুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা মো. জিয়া উদ্দীন।
বেইস টেক্সটাইলস: বেইস টেক্সটাইলসের উদ্যোগে এবং পাঁচলাইশ মডেল থানার সহযোগিতায় ১৮ জানুয়ারি নগরের দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরের একটি সামাজিক কেন্দ্রে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেন সিএমপির পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেইস টেক্সটাইলসের চেয়ারম্যান মনোয়ার শাহাদাত, পরিচালক মো. হাসান, নির্বাহী পরিচালক শাকিল মঞ্জুরসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার শহিদুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার বনোজ কুমার মজুমদার, উপপুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম, সহপুলিশ কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খিসা উপস্থিত ছিলেন।