সারা দেশে শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসহায়, গরিব, দুস্থ মানুষের দুর্ভোগ। দুঃসহ শৈত্য প্রবাহ আর কনকনে ঠান্ডা থেকে বাঁচতে এক টুকরা গরম কাপড় কিংবা একটি পুরোনো কম্বলের আশায় দিন কাটছে তাঁদের। এর মধ্যে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ, নারী আর শিশুরা। এখন তাঁরা চোখেমুখে অন্ধকার দেখছেন। প্রতি বছরের মতো এবারও প্রথম আলো বন্ধুসভা এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। বন্ধুসভার একঝাঁক সদস্য অতীত অভিজ্ঞতা আর সুন্দর পরিকল্পনায় ইতিমধ্যে সাজিয়ে নিয়েছেন তাঁদের কর্মযজ্ঞ। তারই ধারাবাহিকতায় আগামী কাল শুক্রবার চট্টগ্রামে শুরু হচ্ছে বন্ধুসভার শীতবস্ত্র সংগ্রহ অভিযান। চলবে তিন দিন। আগামী রোববার শেষ হবে এ কর্মসূচি। এ সময় প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে (৬৭ জামাল খান সড়ক) আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তিরা নতুন-পুরোনো শীতের পোশাক, কম্বল কিংবা নগদ টাকা জমা দিতে পারবেন। তবে বন্ধুসভার পক্ষ থেকে ফাটা, ছেঁড়া কিংবা একেবারে ব্যবহারের অযোগ্য শীতের পোশাক জমা না দিতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি আলাউদ্দিন খোকনের (০১৭১৬ ৮৮২৩১৯) সঙ্গে যোগাযোগ করা যাবে।