খাগড়াছড়ির দীঘিনালার মোরুং ইউনিয়নের ছয় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনা তেজস্বী বীর। এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বিকেলে মেরুং উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজ মাহমুদ। বক্তব্য দেন ক্যাপ্টেন জাকারিয়া, ক্যাপ্টেন আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ। শীতবস্ত্র নিতে আসা যৌথ খামার এলাকার পূর্ণ চন্দ্র চাকমা, হাজাছড়া হেডম্যান পাড়ার অর্চনা চাকমা, সুখমালা চাকমা ও আলী হোসেনসহ সবাই শীতবস্ত্র পেয়ে খুশি। তাঁরা তাঁদের খুশির কথা প্রকাশও করেছেন, ‘প্রচণ্ড শীতে খুব কষ্ট পাচ্ছিলাম। কিন্তু টাকার অভাবে শীতের কাপড় কিনতে পারি না। সেনাবাহিনীর দেওয়া এই কম্বল দিয়ে একটু হলেও শীতের তীব্রতা থেকে রক্ষা পাব।’ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা নারী ও শিশুসহ ছয় শতাধিক মানুষকে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) দেওয়া হয়েছে। এই শীতে তা তাঁদের কাজে লাগবে। লে. কর্নেল হাফিজ মাহমুদ বলেন, ‘এসব গরিব মানুষের অবস্থা না দেখলে বোঝা যাবে না তাঁরা এ শীতে কী কষ্ট পাচ্ছেন। আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করেছি।’