শীতার্ত মানুষেরা

হুমায়ুন স্যার ক্লাসের শুরুতে রাহাতকে একটা প্রশ্ন করলেন, বল তো বাবা, শিশুরা সবচেয়ে কষ্ট পায় কিসে?
রাহাত মন-প্রাণ দিয়ে চেষ্টা করল উত্তরটা দিতে। কিন্তু কিছুতেই উত্তরটা মাথায় আসছে না। ক্লাসের অন্যরাও চুপ।
স্যার কিছুক্ষণ শূন্যে তাকালেন। তারপর রাহাতের সামনে এসে মিষ্টি একটা হাসি হাসলেন, ‘পারলে না তাই তো? আসলে উত্তরটা তোমাদের সবার জানা। শিশুরা কষ্ট পায় শীতে! এই যে এখন শীত পড়েছে, দেশের উত্তরবঙ্গের দরিদ্র ও শীতার্ত মানুষ বিশেষত শিশুরা ভীষণ কষ্টে পড়েছে। মাত্র একটা গরম কাপড় হয়তো কারও কারও জীবন বাঁচাতে পারে।
ক্লাস শেষ হওয়ার পর রাহাত মন খারাপ করে বসে থাকে। এই প্রথম ক্লাসে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি সে। তারচেয়ে বড় কথা, এ রকম একটা সমস্যার কথা তার মাথায়ও আসেনি! রাতের বেলা বাবার সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য পেল রাহাত। যেমন এবার খুব বেশি শীত পড়েছে রংপুর, কুড়িগ্রাম আর ঠাকুরগাঁওয়ে। শীতে দুজন বৃদ্ধ আর একটি বাচ্চাও মারা গেছে। খবরগুলো শুনে সারা রাত অস্থিরতায় কাটে রাহাতের। তার কি কিছুই করার নেই?
হুমায়ুন স্যার যেন মনের কথা বোঝেন। তিনি কাছে এসে বললেন, এসএসসির ছাত্ররা পুরোনো কাপড় তুলছে বাড়ি বাড়ি গিয়ে। তোমরাও শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারো। এই কাজে তোমরাও অংশ নিতে পারো। রাহাতের মন ভালো হয়ে গেল। রাব্বি, অবন্তী আর অপূর্বরা দল-বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের সহায়তায় কাপড় তুলতে শুরু করে। কী আশ্চর্য, মাত্র কয়েক দিনে হাজার হাজার পুরোনো কাপড় জমা হয়ে গেল কমনরুমে। রাহাতের বাবাও তাঁর গার্মেন্টস থেকে ২০০ গরম সোয়েটার নিয়ে এলেন।
রাহাত আনন্দে ফেটে পড়ে। আহা, কতগুলো শিশুর যে জীবন বাঁচাতে পারবে তারা! সেদিন রাতে ভীষণ ভালো ঘুম হলো তার।