
মঞ্চে ব্যান্ডের গান। সুরের উষ্ণতায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। শিল্পীদের প্রত্যয়: ‘অসহায় মানুষের পাশে থাকব সব সময়’। গত ২৩ জানুয়ারি নগরের চেরাগী পাহাড়ের লুসাই ভবন চত্বরে এই কনসার্টের আয়োজন করে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। শীতার্ত মানুষের জন্য আয়োজিত এই কনসার্টে গান পরিবেশন করে চট্টগ্রামের আটটি ব্যান্ড দল।
বিকেল সাড়ে পাঁচটায় কনসার্ট উদ্বোধন করেন সিএমবিএর সভাপতি আহমেদ নেওয়াজ। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোলস ব্যান্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলী। বক্তব্য দেন সিএমবিএর সাবেক সভাপতি মঈনুদ্দিন আহমেদ, উপদেষ্টা মহিউদ্দোলা, জ্যাকব ডায়াস, র্যালি পিনারো, ব্যবসায়ী কাজী রবিউল হোসেন ও মো. তাহের।
আলোচনা শেষে শুরু হয় কনসার্ট। শুরুতে নিজেদের গাওয়া ‘বাটালি হিল’ গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড দল ব্লু-হর্নেটস। এরপর তারা গেয়ে শোনায় আরও দুটি গান। এবার আসে ব্যান্ড দল স্পার্ক। তিনটি গান পরিবেশন করে স্পার্কের বিদায়ের পর একে একে মঞ্চ মাতিয়ে যায় ব্যান্ড দল ওয়ারিয়র, সাসটেইন, অসময় ও সোলজার। তারা তিনটি করে গান পরিবেশন করে। এরপর ‘কানামাছি’ গান নিয়ে মঞ্চে আসে ব্যান্ড দল ফেরারী। শেষ দিকে রিভার্ব ব্যান্ড দলের ‘বাড়িয়ে দাও’ গানটি জমিয়ে তোলে কনসার্ট। তিনটি গান গেয়ে রিভার্বের বিদায়ের পর আহমেদ নেওয়াজের নেতৃত্বে মঞ্চে আসেন সংগঠনের সদস্যরা। তাঁরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি। এর মাধ্যমে শেষ হয় আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেলিম পিয়াল ও আনজুমান আরা।