
পৌষের পড়ন্ত বিকেলে নাগরিক জীবনের কোলাহল থামিয়ে বেজে উঠল সুর। কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে। কর্মব্যস্ত নাগরিকদের ব্যান্ডের সুরে ভাসালেন চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (্সিএমবিএ)। শীতার্তদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রতি বছর মতো এবারও সিএমবিএ আয়োজন করছে এই উন্মুক্ত কনসার্ট। এতে চট্টগ্রামের চৌদ্দটি ব্যান্ডদলের শিল্পীরা গান পরিবেশন করেন। গানের পাশাপাশি চলে কথামালা ও শীতার্তদের সাহায্যের আবেদন।
৫ জানুয়ারি বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠিত কনসার্টটির শিরোনাম ছিল ‘তৃতীয় আনপ্লাগ ওপেন এয়ার কনসার্ট’। এতে অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ, পিএইচপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, সিএমবিএ সহসভাপতি সেলিম জাহান।
‘এমন যদি হতো আমি পাখির মতো’ জলের গানের জনপ্রিয় এই গানটি দিয়ে শুরু হয় কনসার্ট। পরিবেশন করেন অনুশীলন ব্যান্ডের শিল্পীরা। এরপর মঞ্চে আসে সোলজার ব্যান্ড। ‘হৃদয়ে কাদামাটি’ শুনিয়ে তাঁরা মুগ্ধ করেন শ্রোতাদের। সোলজারের পর ‘প্রতিবাদ’ শিরোনামে গান পরিবেশন করে ব্যান্ডদল বাহিনী। ভালো লেগেছে আসওয়াদ ব্যান্ডের ‘মনে আমার সুখ নাইরে’। গানের পাশাপাশি আসওয়াদের শিল্পীরা স্যাক্সোফোন বাজিয়ে শোনান।
ব্যান্ড সংগীত মানেই ধুমধাড়াক্কা, তা কেন হবে। নেক্সাসের রবীন্দ্রসংগীত পরিবেশনা সেটাই বুঝিয়ে দিল দর্শকদের। আসরে নেক্সাসের শিল্পীরা নব আঙ্গিকে পরিবেশন করলেন ‘আমার পরানও যাহা চায়’ গানটি। এরপর ওয়ার্নিং, স্পার্ক, স্যান্ডস ও ষড়্ঋতুর শিল্পীরা গান পরিবেশন করেন।
ষড়্ঋতুর পরিবেশনার পর চট্টগ্রামে ব্যান্ড সংগীতের জনপ্রিয় ব্যক্তিত্ব নোয়েল মেন্ডেসকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। তবে গান শোনাতে নয় উপস্থিত দর্শকদের শীতার্ত মানুষজনের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান নিয়ে আসেন তিনি। এরপর আবার শুরু হয় গান। অর্ধায়ু, সাস্টেইন ও আর্তনাদের পরিবেশনা ছিল পর পর। তবে ফেরারির পরিবেশনা এলআরবির জনপ্রিয় গান ‘সে তুমি কেন এত অচেনা হলে’ মাতিয়ে তোলে দর্শকদের। সব শেষে ব্লু হরনেটের পরিবেশনার মাধ্যমে শেষ হয় কনসার্ট।