হাড় কাঁপানো শীত নেমেছে খাগড়াছড়ির রামগড় উপজেলায়। প্রচণ্ড শীতে গত এক সপ্তাহ ধরে প্রায় অচল হয়ে পড়েছে জনজীবন। দিনের প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হওয়াও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এ ছাড়া পাহাড়ি পল্লিগুলোতে অনেকেই ঠান্ডাজনিত আমাশয়, বাতরোগ, হাঁপানি, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। অর্থের অভাবে চিকিৎসকের কাছেও যেতে পারছেন না তাঁরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্র্রতি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কিছু কম্বল বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংসেপ্রু কারবারি জানান, সামান্য কিছু কম্বল পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে তা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘অল্প কয়টি কম্বল, কাকে বাদ দিয়ে কাকে দিই—এ নিয়ে সমস্যায় পড়েছি। কারণ এলাকার বেশির ভাগ মানুষই গরিব।’ পাহাড়ি পল্লিগুলোতে সরেজমিনে দেখা গেছে, কাঠের গুঁড়ি, খড়কুটো জ্বালিয়ে কোনো রকমে শীত নিবারণের চেষ্টা করছেন সম্বলহীন নিঃস্ব মানুষ। রামগড় ১ নম্বর ইউনিয়নের লাছাড়িপাড়ার বাসিন্দা আবুল কাসেম, থোয়াই অং মারমা, লা ব্রা চাই মারমা ও দিলীপ কুমার ত্রিপুরা বলেন, ‘বাজার থেকে শীতের কাপড় বা কম্বল কেনার মতো আর্থিক সঙ্গতি আমাদের নেই। সরকারি-বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও খোঁজ নিচ্ছে না।’ ২ নম্বর পাতাছড়া দাদারামপাড়ার অস্বীনী ত্রিপুরা ও বকুল ত্রিপুরা বলেন, ‘গরম কাপড় না পেলে দুধের শিশু নিয়ে আমাদের মরতে হবে।’ রামগড়ের হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান উষেপ্রু মারমা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে মাত্র ১২০টি কম্বল পেয়েছি। ইউপির সদস্যরা (মেম্বার) গরিবদের মধ্যে এগুলো বিতরণ করেছেন।’ শীতবস্ত্রের অভাবে গরিব জনগোষ্ঠীর কষ্টের কথা স্বীকার করে তিনি জানান, ইতিমধ্যে গুইমারা সেনা রিজিয়নের পক্ষ থেকে দরিদ্রদের কিছু শীতবস্ত্র দেওয়া হয়েছে।