শীতে আরাম নিতে

শীতের পোশাক কেনায় একটু সাশ্রয়ী হতে চান যাঁরা, তাঁদের জন্য রইল বঙ্গবাজার, নিউমার্কেট ইত্যাদি স্থানের খোঁজ।
সোয়েটার, জ্যাকেট
ছেলেদের জন্য ফুলহাতা সোয়েটার যেমন আছে, আছে হাতাকাটা সোয়েটারও-ফরমাল বা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যায় এই হাতাকাটা সোয়েটার। মেয়েদের বেলায়, লম্বাটে গড়নের সোয়েটারে থাকছে নানান নকশার কাজ। ছেলেদের আরেক পছন্দের নাম হুডি। আছে ফুলহাতা টি-শার্টেরও কদর।
সোয়েটার, জ্যাকেট আর হুডি কেনা যাবে ৬০০ টাকার মধ্যেই। ব্লেজার আর ওভারকোটের দাম হবে তিন হাজার ৫০০ টাকা পর্যন্ত।
শাল, চাদর
নানা রঙের সুতি ও খাদি কাপড়ের শালের পসরা সাজানো বাজারগুলোয়। দেখা গেল, ঢেউ খেলানো, ডোরাকাটা ও বিভিন্ন প্রাণী যেমন চিতা বাঘের চামড়াসদৃশ শালগুলোই কিনছেন বেশির ভাগ মেয়েরা। মিলবে ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে। প্রিন্ট ও হাতের কাজসহ চাদরের দাম পড়বে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত।

মাফলার
উলের তৈরি চীনা মাফলার থাকছে ১০০ থেকে ১২০ টাকায়, আর দেশি মাফলার পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়।
টুপি
মাংকি টুপি, ভালুক টুপি, পুতুল টুপিসহ কত কী টুপির বাহার এবার! ভালুক টুপির দুটি অংশ দুই কাঁধ বরাবর নেমে এসেছে কোমর পর্যন্ত। নানারকম টুপির দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত।
প্যান্ট
শীত তাড়াতে বাড়িতে পরতে পারেন উলের ট্রাউজার। ২৫০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে এমন সব ট্রাউজার।
জুতা
এসময়ে বেড়ে যায় স্নিকার বা কেডস-জাতীয় জুতার ব্যবহার। ‘ফ্লোর টাচ’ নামে ৮০ থেকে ১২০ টাকায় বাজারে বেরিয়েছে তেমনি একধরনের জুতা, যা মেঝের ঠান্ডা থেকে পরিত্রাণ দেবে পায়ের ত্বককে।
মোজা
জোড়াপ্রতি হাত ও পায়ের মোজা পাওয়া যাচ্ছে ৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
কম্বল
পাতলা ধরনের লাল, নীল, গোলাপি, হলুদ, খয়েরি ও ছাই রঙের দেশি কম্বল যেমনি আছে, তেমনি আছে বাক্সবন্দী বিদেশি কম্বলও। দেশি কম্বল মিলবে ১২০ থেকে ৭০০ টাকায় আর বিদেশি এক হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়।
কোথায় পাবেন
ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তানসহ এমনই অনেক স্থানে পেয়ে যাবেন এমন সব আরামদায়ক শীতের পোশাক।