শীত অনেকের পছন্দের ঋতু। এ সময় খেয়ে শান্তি, বেড়িয়ে আরাম, পোশাক-পরিচ্ছদ পরেও স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। ঘামের সমস্যা নেই। বৃষ্টির বিড়ম্বনা নেই। খাবারে রুচিও থাকে ঠিকঠাক। তারপরও তীব্র শীতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন। তাই এমন খাবার খাওয়া উচিত, যাতে শরীর গরম থাকে। এ সময় অনেককেই ঠান্ডাজনিত ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশিতে ভুগতে দেখা যায়। গরম খাবার শরীরকে যেমন আরাম দেবে, তেমনি ঠান্ডাজনিত রোগ থেকেও রেহাই পাওয়া সম্ভব। তবে শরীর গরম রাখার জন্য খুব বেশি চা-কফি পান করলে রাতের ঘুমে সমস্যা হতে পারে। এর ফলে খাবারে অরুচি জন্মাবে।
এখন বাজারের দৃষ্টিনন্দন ও পুষ্টিকর সবজি ডাইনিং টেবিলেরও শোভা বর্ধন করছে। এসব সবজি দিয়ে তৈরি স্যুপ শরীরে উষ্ণতা আনতে সাহায্য করে। শরীর গরম রাখার জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে ভালো হয়। যেমন-
গরম-গরম সবজি স্যুপ মাখন ও গোলমরিচের গুঁড়া দিয়ে খেতে হবে।
খাওয়ার পানি গরম করে পান করা যেতে পারে। এতে খাবার ভালোভাবে হজম হয় এবং ওজনও বাড়বে না।
প্রতিদিন এক কাপ টমেটোর স্যুপ খেতে পারলে ভালো হয়। টমেটো ক্যানসাররোধী বলে সারা বিশ্বে স্বীকৃত।
হালকা গরম পানিতে লেবুর রস ও মধু দিয়ে খেতে পারেন। মধু দেহে উষ্ণতার আমেজ এনে দেয়।
প্রচণ্ড ঠান্ডায় গরম স্যুপে... আদা ও লেবুর রস দিয়ে অথবা আদা-লেবু-চা খেলেও উপকার পাওয়া যাবে। এতে সর্দি-কাশি থেকেও রেহাই পাওয়া যায়।
শর্ষের তেল, আদা, কাঁচা মরিচ দিয়ে মুড়ি মেখে খেলেও শরীর গরম থাকবে। এভাবে চাল ভাজাও খেতে পারেন।
শীতের সবজি রান্না না করে ভাপে সেদ্ধ করে খেলে এর তাপ যেমন সবজিতে অনেকক্ষণ থাকবে, তেমনি এর পুষ্টিমানও বজায় থাকবে।
গাজর বেশি করে খেতে হবে। সালাদ, ভাজি, স্যুপ, হালুয়া, জুস-বিভিন্নভাবে গাজর খাওয়া যেতে পারে। এটি যেমন অ্যান্টি-অক্সিডেন্ট, তেমনি শরীর গরম রাখতে সাহায্য করে।
খাদ্যতালিকায় বিটের রস, বিটের তরকারি রাখলেও উপকার পাওয়া যাবে।
প্রতিদিনের খাবারে ডিম, মসুর ডাল, মাংস রাখলে উপকার পাবেন। মাংস শরীরে তাপ বাড়াতে সাহায্য করে। এ জন্য শীতের দেশের লোকজন মাংস বেশি খেয়ে থাকেন।
চায়ে আদা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ যোগ করলে উপকার পাবেন। এগুলো শরীর গরম রাখতে সাহায্য করে।
রাতের খাবারে আমরা সাধারণত ভাত-তরকারি খেয়ে থাকি। এর পরিবর্তে রুটি বা পরোটার সঙ্গে গরম স্যুপ, চিজ-পাস্তা অথবা গরম খিচুড়ি বা লাল চালের ভাতের সঙ্গে কোনো ভুনা তরকারি খেতে পারলে ভালো হয়।
ঘুমানোর সময় এক কাপ গরম দুধ শরীরকে যেমন গরম রাখবে, তেমনি আপনার ঘুমও হবে সুখকর।
যাঁরা শৈত্যপ্রবাহের মধ্যে আছেন, তাঁরা খাওয়ার পানিতে দুই তিন কোয়া রসুন থেঁতো করে ভালোভাবে সেদ্ধ করে ফ্লাক্সে রাখবেন। বারবার সেই পানি পান করলে শীতের তীব্রতা থেকে বাঁচবেন। আবার সর্দি-কাশি থেকেও রেহাই পাবেন।
লেখক: পুষ্টিবিদ