শীতে ওম পেতে
কুয়াশায় ঢাকা শীতের ভোরে মন সায় দিচ্ছে না বিছানা ছাড়তে। আর এ সময়টায় আরাম পেতে চাইলে দরকার ওম। শীতে ঘর থেকে দুদণ্ড পা ফেলে বাইরে যেতে পোশাকের কত আয়োজনই না থাকে। ঘরে ঘুমানোর সময়ও চাই উষ্ণতা। তাই শীতের শুরুতেই মার্কেটগুলোয় পাওয়া যাচ্ছে লেপ, কম্বল আর কুইল। ফ্যাশন হাউস নিপুণের বিপণন নির্বাহী মোহাম্মাদ শিশির বলেন, ‘হালকা শীতের জন্য নকশিকাঁথা আর একটু বেশি শীতের জন্য কুইল রেখেছি। এগুলো কয়েক ধরনের কাপড় জোড়া দিয়ে নকশা করা এবং ভেতরে পলিফিল নামক তুলার মতো এক ধরনের বস্তু দিয়ে বানানো। এতে ওমের কোনো ঘাটতি হবে না, আবার ব্যবহার করে ধুয়ে ফেলাও যাবে। সুতি কাপড়ের সঙ্গে সিল্কের কুইলও পাওয়া যাবে। আর হালকা শীতের জন্য আছে নকশিকাঁথা।’কেবল নিপুণেই নয়, হোম টেক্স ও বিজি বেডেও পাওয়া যাবে বেশ কিছু ধরনের কুইল। তবে স্থানভেদে দামেও আছে ভিন্নতা। সুতি কাপড়ের কুইল কিনতে পারবেন ২৫০০-৩৫০০ টাকায় আর সিল্কের কুইল ৫০০০ টাকায়। শীতের আরামের কথা ভেবে অনেকেই কেনেন কম্বল। সিঙ্গেল কম্বলের দাম পড়বে ৮০০-১৫০০ টাকা। আর ডাবল কম্বল কেনা যাবে ১২০০-২৫০০ টাকায় ঢাকার নিউমার্কেট, কারওয়ান বাজার, গুলশান ডিসিসি মার্কেট, মিরপুর-১০ নম্বরসহ বেশ কিছু মার্কেট থেকে। যত যা-ই ব্যবহার করা হোক না কেন, শীতে ওমের পূর্ণতা যেন এনে দেয় লেপ। লেপের বিশাল বাজার নীলক্ষেত ঘুরে দেখা যায় কারিগরেরা ব্যস্ত ভঙ্গিতে সুচের ফোঁড় তুলছেন লেপের মধ্যে। এটাই তো লেপের মৌসুম, তাই ব্যস্ততাটা একটু যেন বেশি—এমনটাই জানালেন লাকী বেডিং স্টোরের মালিক মোহাম্মদ মাহফুজ। রেডিমেড সিঙ্গেল লেপ অর্থাৎ ৩ বাই ৫ হাত লেপের দাম পড়বে ৫০০ টাকা আর ডাবল অর্থাৎ ৪ বাই ৫ হাত লেপের দাম ৮০০ টাকা। তবে নিজের মতো করে বানিয়ে নিলে সিঙ্গেল ও ডাবল লেপের জন্য যথাক্রমে লাগবে ১০০০ ও ১৫০০ টাকা। নীলক্ষেত, মিরপুর-১০ এবং ১১-এর পল্লবী, গ্রিন রোড, আজিমপুর, কারওয়ান বাজার থেকে লেপ বানিয়ে নিতে পারবেন।