শীতে কবিতার ওম
মিষ্টি রোদ, হিমেল হাওয়া আর মহামায়া হ্রদের অপার সৌন্দর্যের পটভূমিতে কবিতার রসে অবগাহন করল সবাই। ‘শীতে জেগে উঠবে কবিতা’ শিরোনামে মিরসরাই কবিতা পরিষদ ২ ফেব্রুয়ারি শীতকালীন সাহিত্য আসর ও শীত উৎসবের আয়োজন করে। সকাল ১০টায় শুরু হয় কবিতা পাঠের আসর। স্বরচিত কবিতার পাশাপাশি চলে বরেণ্য কবিদের কবিতা থেকে পাঠ। কবিতা পড়েন বোরহান উদ্দিন, শারফুদ্দীন কাশ্মীর, কবি মাহমুদ নজরুল, শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান, সাইফুদ্দিন মীর শাহিন, আতাউল হক চৌধুরী, ফারহানা নিপু ও মহিবুল আলম। বেলা ১২টায় শুরু হয় গানের আসর।গান গেয়ে দর্শকদের মন জয় করেন আক্তারুজ্জামান, ওস্তাদ রণজিৎ ধর, নির্মল দাশ ও মহিবুল আলম। এরপর দুপুর গড়াতে না গড়াতেই শুরু হয় কবিতা পাঠ এবং গানের প্রতিযোগিতা। কবিতা পাঠে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে ইউসরা শারফুদ্দীন, ফারহানা নিপু ও তন্দ্রা। গানে প্রথম হন ফরহাদুল করিম, দ্বিতীয় জয় ও তৃতীয় হন সংগীতা।বিকেল গড়াতেই চট্টগ্রাম থেকে অনুষ্ঠানে হাজির হন কবি সৌমেন ধর ও মোজাম্মেল মাহমুদ। পাঠ করেন একাধিক স্বরচিত কবিতা। মূল আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ সরকার, অধ্যাপক বোরহান উদ্দিন, মাহমুদ নজুরুল ও কবিতা পরিষদের সভাপতি এনায়েত হোসেন। পড়ন্ত বিকেলে খেজুর রস আর ভাপা পিঠা খাওয়ার মধ্য দিয়ে মিরসরাই কবিতা পরিষদের ১২তম শীত উৎসব শেষ হয়।