রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকার বাসিন্দারা প্রচণ্ড শীতে অসহায় হয়ে পড়েছেন। রাতে বাঁশ-কাঠ জ্বালিয়েও শীতের হাত থেকে রক্ষা পাচ্ছেন না অনেকে। তবে এসব শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে উপজেলা পরিষদ ও একটি স্থানীয় সাংস্কৃতিক সংগঠন। তাদের উদ্যোগে ওই এলাকার ২৫০ জন শীতার্ত মানুষ কম্বল পেয়েছেন।
গত ২৬ ডিসেম্বর উপজেলা পরিষদের উদ্যোগে বাঘাইছড়ি ইউনিয়নে দোসর এলাকা ও সাজেক ইউনিয়নে লংকর, নিউলংকর, মোন আদাম গ্রামের ১৫০ জন বাসিন্দাকে কম্বল দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা, লংকর মৌজার হেডম্যান নুর পাংখোয়া ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিমল চাকমা উপস্থিত ছিলেন।
এর আগে ২৪ ডিসেম্বর স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মিঝেল সাংস্কৃতিক সংঘ নিউলংকর ও মিড পয়েন্ট এলাকার ১০০ জন শীতার্তকে কম্বল দিয়েছে। এ সময় মিঝেল সাংস্কৃতিক সংঘের সভাপতি প্রভাত কুমার চাকমা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহন লাল চাকমা, গ্রামপ্রধান জয়চন্দ্র চাকমা উপস্থিত ছিলেন। মিঝেল সাংস্কৃতিক সংঘের সভাপতি প্রভাত কুমার চাকমা বলেন, ‘দুর্গম গ্রামগুলোতে এখন প্রচণ্ড শীত। সেখানে বসবাসরত লোকজন শীতে অসহায় হয়ে পড়েছে। আমরা আপাতত ১০০ জনকে কম্বল দিয়েছি। ভবিষ্যতে আরও তাঁদের পাশে থাকার চেষ্টা করব। উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকের বহু দুর্গম এলাকায় হেঁটে পৌঁছাতে হয়। ওই সব এলাকার লোকজন দুর্দশায় দিন কাটাচ্ছেন। আমরা দেড় শ জনকে কম্বল দিতে পেরেছি। তবে এটা যথেষ্ট নয়।