শীতে পায়ের যত্ন
দুই পায়ের ওপর ভর করেই যখন আমাদের পথচলা, তখন এই পা দুটির সঙ্গে আর অবহেলা কেন? শীতের শুষ্কতার ছোঁয়া যেন কোমল পা দুটিকে রুক্ষ করতে না পারে, এর জন্য শুরু করে দিন পায়ের বাড়তি পরিচর্যা। আবহাওয়া পরিবর্তনের কারণে আর্দ্রতা কমে গিয়ে রুক্ষ হয়ে পড়ে ত্বক। পা ফাটার সমস্যাটাও এ সময় বেড়ে যায়। কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান শীতে পায়ের যত্নের কিছু পরামর্শ দিয়েছেন। প্রতিদিন বাইরে থেকে আসার পর পা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। পায়ে যথাসম্ভব ধুলাবালি কম লাগাতে হবে। পা ধোয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার লাগাতে হবে। সম্ভব হলে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন কুসুম গরম পানিতে এক চিমটি লবণ ও শ্যাম্পু মিশিয়ে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর মুছে ক্রিম বা লোশন লাগান। ছুটির দিনে একটি সময় বের করে নিতে পারেন পায়ের যত্নের জন্য। গরম পানিতে ১৫ মিনিট পা ভিজিয়ে রেখে জলপাই তেল দিয়ে একটু ম্যাসাজ করতে পারেন। যাঁদের পায়ের চামড়া বেশি পুরু ও কালো দাগ হয়ে গেছে, তাঁরা পায়ে মধু ম্যাসাজ করে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। যাঁদের পা ফাটার প্রবণতা রয়েছে, তাঁরা ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পায়ে লাগান। এতে পা নরম হবে। পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরে ১৫-২০ মিনিট রেখে তারপর খুলে নিন। যাঁরা ঘরে পানির কাজ করেন, তাঁরা অবশ্যই কাজ করার আগে নারকেল ও জলপাইয়ের তেল পায়ে ম্যাসাজ করে নিন। পায়ের যত্ন শুধু যে মেয়েদের জন্য তা নয়, শীতের এ সময় ছেলেদেরও পায়ের যত্ন নেওয়ার পরামর্শ দেন হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। ছেলেদের পা ভালোভাবে পরিষ্কার করতে হবে। মাসে অন্তত দুবার কোনো পারলার থেকে পেডিকিউর করতে পারেন। বাসায় বসেও পায়ের যত্ন নিতে পারেন। গোসলের সময় ঝামা পাথর দিয়ে ঘষে মরা কোষগুলো তুলে নিন। পা বেশি ফাটলে সমস্ত রাত পায়ে গ্লিসারিন বা ভ্যাসলিন মেখে রাখতে পারেন। পাকা কলা পেস্ট করে পায়ে ম্যাসাজ করলে পায়ের ত্বক কোমল হয়। এ সময় যাঁদের পা ঘেমে দুর্গন্ধ হয়, তাঁরা বেকিং সোডায় কিছু সময় পা ভিজিয়ে রাখুন। টক দই ও মধু মিশিয়ে পায়ে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ তাতে পা ভিজিয়ে রাখতে পারেন। পায়ের মরা ত্বকগুলো তুলতে ভালো কোনো স্ক্রাবও ব্যবহার করতে পারেন।হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও ত্বকবিশেষজ্ঞ সৈয়দ আফজালুল করিম বলেন, ‘শীতে পা রুক্ষ হবে, এটা সবারই জানা। তাই শীতের শুরু থেকেই পায়ের ত্বকের ময়েশ্চারাইজিং করতে হবে। গ্লিসারিন, ভ্যাসলিন লাগাতে হবে নিয়মিত। জুতা পরতে হবে আরামদায়ক। অনেক সময় জুতার তলা শক্ত হলে পা ফাটে। তার পরও যদি পায়ের ত্বক বেশি রুক্ষ হয়ে যায়, ফুসকুড়ি ওঠে বা পা ফাটে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবাণুনাশক ক্রিম ব্যবহার করতে হবে।