শীতে বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় সন্তান নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন-সংলগ্ন ফুটপাতে বসবাস করেন শওকত হোসেন (৪৫) ও নাজমা বেগম (৩৭) দম্পতি। পরিবারের সবচেয়ে ছোট সদস্যের বয়স মাত্র দেড় মাস। সংসারে সম্পদ বলতে আছে কয়েকটি ছেঁড়া জামাকাপড়, হাঁড়িপাতিল আর পাতলা কাঁথা। মাথার ওপর নেই আচ্ছাদন। শীতের তীব্রতা বাড়ায় কষ্টে দিন কাটছে এই পরিবারের। শীতের আগমন ঘটেছে নগরের অলি-গলিতে। সন্ধ্যা না নামতেই টের পাওয়া যায় শীতের শীতল পরশ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে সড়কের ফুটপাতে থাকা ভাসমান মানুষের দুর্ভোগও। শওকত ও নাজমার পরিবারের মতো নগরে বসবাসরত ছিন্নমূল মানুষদের এখন একটাই চিন্তা; শীতের কামড় থেকে পরিবারকে বাঁচাবেন কীভাবে। নগরের জামালখান, মুরাদপুর, স্টেশন রোড, সিআরবি, ২ নম্বর গেট, প্রবর্ত্তক মোড়, ওয়াসার মোড়, নিউমার্কেট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় ভাসমান মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এ রকম ভাসমান পরিবার বা লোকজনের সঠিক পরিসংখ্যান সরকারি-বেসরকারি কোনো সংস্থার কাছে নেই। কোনো বেসরকারি উন্নয়ন সংস্থাও তাঁদের নিয়ে কাজ করছে না। জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ ধরনের মানুষের সংখ্যাও। জানা গেছে রেলস্টেশন-সংলগ্ন ফুটপাতে বসবাসরত পরিবারের সংখ্যা ৬০টির মতো। এ ছাড়া নগরে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস করছে আরও শ খানেক ছিন্নমূল পরিবার। জীবিকার তাগিদে এঁরা চট্টগ্রাম নগরে এসেছেন যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনাসহ বিভিন্ন জেলা থেকে এবং এসব ভাসমান লোকজন মাথা গোঁজার স্থান হিসেবে বেছে নিচ্ছেন ফুটপাত ও সড়ক বিভাজক।গত সোমবার সকালে রেলওয়ে স্টেশনের ফুটপাতে বসবাসরত কয়েকটি পরিবারের সঙ্গে কথা হয়। শওকত ও নাজমা দম্পতি জানান, দেড় মাসের শিশুটিকে নিয়ে বেশ চিন্তায় আছেন তাঁরা। শওকত জানান, রিকশাভ্যান চালিয়ে যে আয় হয়, তা দিয়ে সবার জন্য শীতের পোশাক কেনা তো দূরের কথা, দুবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়ে। রিকশাচালক মো. চান মিয়া প্রথম আলোকে বলেন, ‘কাঁথা, বালিশ, ফাডা লুঙ্গি নিয়া ঘুমাইতে যাই ফুটপাতের ওপরে। শীতের চোটে ঘুমাইতে পারি না।’ গৃহকর্মীর কাজ করে সংসার চালান শিরিনা আক্তার (৩৫)। তিনি বলেন, ‘স্বামী আরেকটি বিয়ে করেছে। আমি যা আয় করি তা তিনজনের খাওয়াতেই চলে যায়। তাই শীতের পোশাক কেনা হয়নি।’ জামালখান এলাকায় ফুটপাতে থাকেন ষাটোর্ধ্ব সিরাজ মিয়া ও জোলেখা বেগম দম্পতি। ৪০ বছর এই ফুটপাতে আছেন তাঁরা। জোলেখা বেগম জানান, এবার শীত জাঁকিয়ে পড়ছে। যে কাপড় আছে, তা দিয়ে শীত মানানো যাচ্ছে না। গত বছর শীতের সময় দুটো কম্বল পেয়েছিলেন। তবে সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সরকারি সংস্থা সমাজসেবা অধিদপ্তরের অধীনে দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী, এতিম এবং ভিক্ষুকদের কর্মসংস্থানের কিছু প্রকল্প চালু থাকলেও ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য কোনো প্রকল্প নেই। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পারভীন মেহতাব প্রথম আলোকে বলেন, ‘নগরে ভাসমান জনগোষ্ঠীর সঠিক সংখ্যা জানা নেই। তাই এসব জনগোষ্ঠী সরকারি সুবিধা থেকে বাদ পড়ে যাচ্ছে।’