শীতে যেমন সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতে মেকআপের বেস হওয়া চাই একদম নিখুঁত। মডেল: আজরা ছবি: নকশা
শীতে মেকআপের বেস হওয়া চাই একদম নিখুঁত। মডেল: আজরা ছবি: নকশা

মেকআপ করতে যাঁরা পছন্দ করেন তাঁদের জন্য তো বটেই, মেকআপের ক্ষেত্রে যে কারও জন্যই শীতকালটা বেশ উপযোগী। এ সময় মেকআপ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। উজ্জ্বল রংগুলো পরার জন্য একদম সঠিক সময় শীতকাল।
শীতে সব ধরনের ত্বকেই কিছুটা পরিবর্তন আসে। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বকের রঙের পরিবর্তন ইত্যাদি সমস্যা খুবই লক্ষণীয় এ সময়। এসবের সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপের কাজটা সেরে নিতে হয়। সাজ শুরুর আগেই নজর দিতে হবে ত্বকের যত্নের বিষয়ে। শীতের শুষ্কতা থেকে ত্বক মুক্ত রাখার উপায় হলো, ত্বকের মরা কোষ তুলে (এক্সফোলিয়েট) ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা জোগানো (ময়েশ্চারাইজ)। ত্বকের ধরন যেমন হোক না কেন, এ সময় সাজ শুরুর আগে অবশ্যই ফেসিয়াল স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করে নিন, তারপর ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের শুষ্ক অংশের মরা কোষ পরিষ্কার হয়ে যাবে, ফলে সাজের জন্য মসৃণ বেইস তৈরি করা সহজ হবে। ময়েশ্চারাইজার লাগানোর অন্তত ১৫ মিনিট পরে সাজ শুরু করুন, যাতে ময়েশ্চারাইজার ত্বকে ঠিকমতো বসে যায়।
বেইস মেকআপ শুরু করুন প্রাইমার দিয়ে। কারণ, প্রাইমার ত্বক আর্দ্র রাখবে। যা শীতকালে খুবই জরুরি। এটি আপনার মেকআপ দীর্ঘস্থায়ীও করবে।
ফাউন্ডেশন পছন্দ করার ক্ষেত্রে শীতকালে বেশ কিছুটা স্বাধীনতা পাওয়া যায়। যদি ত্বকের রঙে পরিবর্তন এসে যায়, তাহলে গরমকালে যেটি ব্যবহার করেছেন তা পাল্টে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন নিন। যদি আপনি ম্যাট ফাউন্ডেশন ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এ সময় একটু ভিন্নতা আনার জন্য লুমিনাস ফিনিশের ফাউন্ডেশন বেছে নিতে পারেন। লুমিনাস ফাউন্ডেশন ত্বকের শুষ্কতা ঢেকে ফেলে ত্বকে বাড়তি উজ্জ্বলতা যোগ করে। আবার ন্যাচারাল ফিনিশের জন্য বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এরপর কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ অথবা মুখের আর সব দাগ ঢেকে ফেলুন। ত্বক তৈলাক্ত হলে ম্যাট ফিনিশ প্রেসড পাউডার দিয়ে বেইস ঠিক করে নিন। ব্রোঞ্জিং পাউডার দিয়ে মুখের আকার অনুযায়ী কনট্যুর এবং হাইলাইট করতে ভুলবেন না। ব্লাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন গোলাপি, পিচ, কোরাল অথবা আপনার পছন্দের যেকোনো রং। মেকআপের এ পর্যায়ে ব্যবহার করুন সেটিং স্প্রে। এটি দীর্ঘক্ষণ মেকআপ ঠিক রাখতে সাহায্য করবে।
চোখের মেকআপ নিয়ে মজা করার এ-ই সময়। গরমে আমরা সাধারণত হালকা রংগুলো ব্যবহার করি, কিন্তু এখন যেকোনো উজ্জ্বল রঙের শেড অথবা গাঢ় শেড যেমন নীল, কমলা, উজ্জ্বল গোলাপি, নীলাভ-সবুজ (টিল), বাদামি, টিয়া, সোনালি, কপার ইত্যাদি খুব ভালো মানিয়ে যাবে। চোখের মেকআপে বাড়তি চমক যোগ করতে ব্যবহার করুন গ্লিটার আইলাইনার। আইলাইনার পরতে পারেন ইচ্ছেমতো, চোখের পাতার ওপরে-নিচে অথবা শুধু ওপরের পাতায়, এরপর কয়েক পরত মাসকারা লাগিয়ে নিন।
এখন লিপস্টিকের রঙে চলছে বেগুনির নানা শেড, বারগ্যান্ডি, লাল—এ রকম গাঢ় রংগুলো। পোশাকের সঙ্গে মানিয়ে আপনার পছন্দের যেকোনো লিপস্টিক শেড বেছে নিন। আপনি যদি স্বাভাবিক রঙের লিপস্টিক পছন্দ করেন, তাহলে একেবারে স্বাভাবিক শেড না ব্যবহার করে একটু পিচ অথবা বাদামি ছোঁয়া আছে এমন রঙের লিপস্টিক ব্যবহার করুন। একদম হালকা লিপস্টিক শীতে চেহারার সজীব ভাব কমিয়ে দেয়। ম্যাট লিপস্টিকের বদলে ক্রিম বা হাইড্রেটেড ফিনিশের লিপস্টিক পরতে পারেন। লিপ-গ্লস ব্যবহার করুন।
বাড়ি ফিরে ভালো করে মেকআপ পরিষ্কার করতে ভুলবেন না। নতুবা ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণের মতো সমস্যা দেখা দেবে। মেকআপ পরিষ্কার করতে বেবি অয়েল কিংবা ক্লেনজিং মিল্ক ব্যবহার করুন, তারপর হালকা গরম পানি আর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। সবশেষে আবার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
লেখক: সৌন্দর্যবিষয়ক ব্লগার, গ্রিনস্টোরি ডট কম