শীতে সাজসজ্জা
শীতে ত্বক হয়ে গেছে রুক্ষ ও মলিন। ত্বকের নিয়মিত যত্ন তো চাই-ই। প্রসাধনের সাহায্য নিয়েও ঢেকে ফেলতে পারেন ত্বকের খুঁত। তবে শীতের দিনের এই সাজসজ্জাতে অনেক যত্নবান হতে হবে। তা না হলে মেকআপের পরও ত্বকের মরা কোষ সাদা সাদা হয়ে দেখা দেবে। সব সাজ তখন ম্লান হয়ে যাবে। এই শীতে প্রতিদিন কীভাবে নিজেকে পরিপাটি করে বের হবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল।শীতে বাইরে বের হওয়ার আগে এসপিএফযুক্ত ময়েশ্চারাইজিং লোশন বা ক্রিম প্রথমে ভালোভাবে লাগাতে হবে। এরপর এসপিএফযুক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে সতেজ দেখাবে ত্বক। ময়েশ্চারাইজার না লাগিয়ে কোনোভাবেই কমপ্যাক্ট পাউডার ব্যবহার করা যাবে না। এতে ত্বক সাদা সাদা হয়ে থাকবে। তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহারের পর তরল ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। তাতে মেকআপ আরও ভালোভাবে ত্বকের সঙ্গে মিশে যাবে। মিনারেল ফাউন্ডেশন শীতে ব্যবহার না করাই ভালো।ব্লাশঅনের ক্ষেত্রেও সঠিক রং বেছে নিতে হবে। বাদামি রঙের ব্লাশঅন ব্যবহার করলে সব ধরনের ত্বকেই মানিয়ে যাবে। সন্ধ্যা বা রাতের কোনো অনুষ্ঠানে ব্রোঞ্জ রঙের ব্লাশঅন জমকালো করে তুলবে সাজকে।এবার আসা যাক চোখের সাজে। শীতে অনেক সময় চোখেও খুশকি হয়। সে জন্য চোখের পাতা নিয়মিত পরিষ্কার করতে হবে। চোখের জন্য উপযোগী বিশেষ লোশন বা ক্রিম ব্যবহার করুন। শীতের সময় পাউডার ধরনের আইশ্যাডো ব্যবহার না করে ক্রিমযুক্ত আইশ্যাডো ব্যবহার করতে পারেন। দিনের বেলায় বের হলে হালকা সোনালি, বাদামি বা হালকা তামা রঙের আইশ্যাডো বেছে নিতে পারেন। আর রাতের অনুষ্ঠানের জন্য গাঢ় রঙের আইশ্যাডো ভালো দেখাবে। এরপর কাজল বা আইলাইনারের ছোঁয়া দিয়ে দিন। তবে শীতে গাঢ় করে মাসকারা ব্যবহার করলে চোখ আর্কষণীয় হয়ে উঠবে।ঠোঁটে হালকা বা গাঢ় লিপস্টিক যা-ই ব্যবহার করুন না কেন, তা যেন গ্লসি বা ক্রিমযুক্ত হয়। তবে স্বাচ্ছন্দ্যবোধ করলে উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া লিপস্টিক বা লিপগ্লস ব্যবহারের অন্তত ১৫ মিনিট আগে পেট্রোলিয়াম জেলি দিয়ে এগুলো ব্যবহার করুন। তাতে ঠোঁটের ত্বক শুষ্ক হবে না।চুলকে বাঁধতেও পারেন, চাইলে খুলেও রাখা যেতে পারে। তবে প্রতিদিন শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না শীতে। তা না হলে খুশকির প্রকটতা বেড়ে যাবে। মনে রাখবেন, শীতে ত্বকের নিয়মিত যত্ন নিতে হবে। সম্ভব হলে ২০ দিন অন্তর ফেশিয়াল করান। আর ঘুমানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।