শীতেই তো শতরঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতরঞ্জি দেবে মেঝেতে ওম। কৃতজ্ঞতা: শতরঞ্জি, ছবি: নকশা
শতরঞ্জি দেবে মেঝেতে ওম। কৃতজ্ঞতা: শতরঞ্জি, ছবি: নকশা

শত রঙের বাহারে রাঙা বলেই নামটা কি শতরঞ্জি? লাল-নীল-সাদা-হলুদ-কমলা—এমনি নানা রঙের সুতায় বোনা শতরঞ্জি একসময় রাজা-বাদশাহদের আভিজাত্যের প্রতীক কিংবা জমিদার, বিত্তবানদের ভোজের আসন হিসেবে ব্যবহৃত হলেও হাল আমলে সর্বস্তরের মানুষের ঘরের শোভা। শতরঞ্জি যেমন ঘরের শোভা বাড়ায়, তেমনি শীতের দিনে মেঝের হিম তাড়ানোরও একটি জুতসই উপাদান। তাই শীতের মৌসুমে শতরঞ্জির ব্যবহার যেন একটু বেশিই। শতরঞ্জি বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘শতরঞ্জি’র বিক্রয়কর্মী মোহাম্মদ শহিদুল ইসলাম তেমনটাই জানালেন।

বাসাবাড়ির সৌন্দর্য বাড়ানোর কাজে শতরঞ্জির ব্যবহার বারো মাসজুড়েই। শতরঞ্জির ব্যবহার একেক ঘরে একেক রকম। কেউ মেঝে সাজাতে ব্যবহার করেন, কেউ দেয়াল, কেউ ম্যাগাজিন হোল্ডার, কেউবা ব্যবহার করেন খাবার আসন বা বসার আসন হিসেবে, শোবার জন্যও ব্যবহার করেন কেউ কেউ। বিভিন্ন নকশায় শতরঞ্জি হয়ে ওঠে নজরকাড়া—জানালেন শহিদুল ইসলাম। আরও যোগ করলেন, শতরঞ্জির নকশার মধ্যে রয়েছে জামদানি, জ্যামিতিক, কাটারি, পিলপা, আসমান-তারা, প্রজাপতি, নদীর ঢেউ, ফুল-পাতা, নাটাই, ঘুড়ির মোটিফ। এমনকি কারিগরেরা পাগলা-পাগলি নামের একধরনের নকশাও বুনে থাকেন এসব শতরঞ্জির জমিনে।

শীতে প্রকৃতিতে যেন বিমর্ষ একটা ভাব ফুটে থাকে। তাই ক্রেতারা ঘর সাজাতে চাকচিক্যময় এসব শতরঞ্জি কেনেন। প্রাধান্য দেন অ্যাক্রিলিক কটন, অ্যাক্রিলিক উলে বোনা কোমল একটু আরামদায়ক শতরঞ্জিকে। পাটে বোনা শতরঞ্জির কদরও কম নয় বলে জানালেন শহিদুল ইসলাম।

অ্যাসথেটিকস ইন্টেরিয়রের স্বত্বাধিকারী সাবিহা কুমু বলেন, শতরঞ্জির বুনন একটু মোটা বলে শীতকালে মেঝেতে এর ব্যবহার বেশ আরামদায়ক। ঘরের ভেতর হাঁটাচলায় পায়ে ঠান্ডা লাগার ভয় থাকে না। এমনকি রান্নাঘর বা অন্য কোথাও মেঝেতে বসে যেসব কাজ করার থাকে, সেখানেও এর ব্যবহারে ঠান্ডা লাগার সমস্যাটা আর থাকে না। শীতকালে ঠান্ডার সমস্যা দূর করার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়ানোও যেহেতু একটা বড় বিষয়, তাই কোন ঘরে, কোথায়, কতটুকু জায়গায় শতরঞ্জি বিছানো হবে, তার ওপর নির্ভর করে নকশা, রং এবং শতরঞ্জির দৈর্ঘ্য-প্রস্থ নির্বাচন—এমনটাই মনে করেন তিনি।

সাবিহা কুমু বলেন, শতরঞ্জি আকারে খুব বেশি বড়সড় হয় না। তাই বসার ঘরে বেশি ফাঁকা জায়গা থাকলে কয়েকটা শতরঞ্জি ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে সেন্টার বা কর্নার টেবিল এর ওপর বসানো যেতে

পারে। শিশুদের ঘর, শোবার ঘর, খাবার ঘর, এমনকি বারান্দার ফাঁকা জায়গা, যেখানে বিকেল কিংবা সন্ধ্যাগুলোতে চায়ের আড্ডা বসে, সেখানেও শতরঞ্জি বিছানো যেতে পারে। শীতের আমেজে সৌন্দর্যও ফুটে উঠবে শতভাগ।