শীতেও ডুবল ১১ গ্রাম
শীত মৌসুমেও জোয়ারের পানিতে প্লাবিত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার ১১টি গ্রাম। অমাবস্যার কারণে জোয়ারের পানি বেড়ে নাফ নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে প্রবেশ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। এতে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।পৌর এলাকার সাইটপাড়া, চৌধুরীপাড়া, উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া এবং সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়া, বাজারপাড়া ও পানছড়িপাড়া বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে।সরেজমিনে এসব উপদ্রুত এলাকা ঘুরে দেখা গেছে, জোয়ারের পানি বাড়ি-ঘরে ঢুকে পড়ায় শীতের কষ্ট বেড়েছে বাসিন্দাদের। বেশির ভাগ পরিবারের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। জালিয়াপাড়া রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের সামনে হাঁটু পানি জমেছিল। জোয়ারের পানির কারণে শ্রেণীকক্ষ প্লাবিত হওয়ায় বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয় বন্ধ দেখে বাড়ি ফিরে যাচ্ছিল শিক্ষার্থী কহিনুর আকতার, হালিমা বেগম ও নুর জাহান। তারা জানায়, তীব্র শীত ও হাঁটু পানি উপেক্ষা করে বিদ্যালয়ে এসেছিল তারা। কিন্তু বিদ্যালয়ে এসে জানতে পারে, পানি উঠেছে, তাই আজ আর ক্লাস হচ্ছে না।দক্ষিণ জালিয়াপাড়ার গৃহবধূ ছফুরা খাতুন (৪৫) জানান, ‘শীতের সকালে জোয়ারের পানিতে ঘর-দুয়ার ডুবে থাকে। আবার সন্ধ্যা থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে রাতে কনকনে শীতের হাওয়া ঢোকে। গরম কাপড় না থাকায় শীতে খুব কষ্ট পাচ্ছি।’জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিয়ারা বেগম বলেন, ‘জোয়ারের পানি উপেক্ষা করেও শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে। কিন্তু আসার পথে অনেকের বই-খাতা পানিতে ভিজে নষ্ট হচ্ছে। আবার অনেক শিক্ষার্থী বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।’টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আব্দুলাহ মনির বলেন, ‘নাফনদী সংলগ্ন ১১টি গ্রামের প্রায় ৩০ হাজার ভাসমান মানুষ মানবেতর জীবনযাপন করে আসছে দীর্ঘ প্রায় ছয় বছর ধরে। তীব্র শীতেও তাদের ঘর-বাড়ি প্লাবিত হচ্ছে। এই পরিস্থিতির অবসান হওয়া জরুরি।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘জরুরিভিত্তিতে বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত করার জন্য কয়েক দিনের মধ্যে একটি প্রকল্প-প্রস্তাব অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম প্রথম আলোকে জানান, শুষ্ক মৌসুমে বেড়িবাঁধ মেরামত করা না গেলে আগামী বর্ষা মৌসুমে টেকনাফে অধিকাংশ এলাকা হুমকির মুখে পড়তে পারে। তাই জরুরি ভিক্তিতে বাঁধ নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।