শীতেও তরমুজের স্বাদ
দোকানে থরে থরে সাজানো তরমুজ দেখে ভ্রম হতে পারে, তরমুজের আদলে অন্য কোনো ফল নয়তো? এই অসময়ে তরমুজ! হ্যাঁ, শীতেও তরমুজের স্বাদ পাওয়া যাবে। কক্সবাজার শহরের বিভিন্ন ফলের দোকানে কয়েক দিন ধরেই বিক্রি হচ্ছে তরমুজ। উৎপাদিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে হিমছড়ি, বড়ছড়া, প্যাঁচারদিয়া, দরিয়ানগর এলাকায়। এই তরমুজ স্বাদে মিষ্টি, আকারেও বড়। তাই দামও চড়া।শহরের লালদীঘির পাড়ের ফল বিক্রেতা নওশা মিয়া (৬০) জানান, প্রতিদিন তিনি ২০০ থেকে ২৫০টি তরমুজ বিক্রি করছেন। শীতের মৌসুম হলেও নতুন ফল হিসেবে লোকজন তরমুজ কিনছে। প্রতিটি তরমুজ ১৫০ থেকে ১৮০ টাকায় কিনে ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। ওজন তিন থেকে ১০ কেজি পর্যন্ত।এই দোকানে তরমুজ কিনতে আসা খুরশেদ আলম নামে শহরের এক ব্যবসায়ী জানান, ‘বাজারে সব ফলে ফরমালিন ও বিষ মেশানো। ছোট ছেলেমেয়েদের এসব খাওয়ানো যায় না। কিন্তু এ ক্ষেত্রে তরমুজ ব্যতিক্রম। স্থানীয় হওয়ায় তরমুজে বিষ মেশানোরও দরকার নেই। তাই একসঙ্গে তিনটি তরমুজ কিনলাম।’শহরের বাজারঘাটা, লালদীঘির পাড়, থানা সড়ক, বন বিভাগের সামনে, হাসপাতাল সড়ক ও পানবাজার সড়কে অন্তত অর্ধশতাধিক ফলের দোকানে তরমুজ বিক্রি হচ্ছে।বড়ছড়া এলাকার কৃষক আবদুল মান্নান (৫৫) জানান, গত বছরও তিনি দরিয়ানগর পর্যটনকেন্দ্রের সামনে ৮০ শতক জমিতে তরমুজের চাষ করেছিলেন। কিন্তু পোকার আক্রমণের কারণে বহু তরমুজ নষ্ট হয়েছে। এবার বিশেষ যত্ন নেওয়ায় তেমনটি হয়নি। আবহাওয়াও অনুকূলে থাকায় তরমুজের ভালো ফলন হয়েছে।একই এলাকার চাষি মমতাজ আহমদ (৪৫) জানান, টেকনাফ, উখিয়া, সদর ও চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সবে তরমুজের চাষ হচ্ছে। ফেব্রুয়ারি-মার্চ মাসে এই তরমুজ বাজারে আসবে। কিন্তু সৈকতের এই তরমুজ আগাম বাজারে আসায় চড়া দাম পাওয়া যাচ্ছে।সদর উপজেলার বাংলাবাজার এলাকার তরমুজ ব্যবসায়ী আবদুল হাকিম (৪৪) জানান, সৈকত থেকে প্রতিদিন তিনি দুই ট্রাক তরমুজ কিনে চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করছেন। আগাম ফল হিসেবে সেখানেও চড়া দামে এই তরমুজ বিক্রি হচ্ছে।কক্সবাজার সদর উপজেলা কৃষি কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা মো. জাফর আলম জানান, সমুদ্রসৈকতের কয়েকটি এলাকায় ৩০০ থেকে ৪০০ একর জমিতে আগাম তরমুজের এই চাষ হয়েছে। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় চাষিরা খুশি।