শীতেও সজীব ত্বক ও চুল
শীতকাল শুষ্ক। এ সময়ে রুক্ষ ত্বক, বিবর্ণ চুল অনেকেরই সমস্যা। এ নিয়ে কথা বললেন হেয়ারোবিক্স ব্রাইডালের প্রধান ও রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।শীতকাল মানেই বাতাসে আর্দ্রতা কম আর প্রচুর ধুলাবালু। ফলে চুলে ময়লা জমে দ্রুত এবং আর্দ্রতা হারিয়ে চুল হয় রুক্ষ। খুশকির সঙ্গে সমানতালে বাড়ে চুল পড়ে যাওয়ার হার। চুলের ডগা ফেটে যাওয়া তো আছেই। তাই মাথার ত্বক ও চুলের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।অনেকেই বলেন, প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। কিন্তু শীতকালে নিয়মিত শ্যাম্পু করতেই হয়। সে ক্ষেত্রে এখনই সময় খুব ভালো ব্র্যান্ডের শ্যাম্পু বেছে নেওয়ার। কন্ডিশনারের ব্যবহার কম করাই ভালো। যদি কন্ডিশনার ব্যবহার করতেই চান, তবে প্রতিদিন ব্যবহার না করে দুই-এক দিন পর ব্যবহার করুন।শীতকালে প্রায় সবাই গোসলের জন্য গরম পানি ব্যবহার করেন। মাথায় গরম পানি ব্যবহার করা উচিত নয়। একান্ত প্রয়োজন হলে ঈষদুষ্ণ পানি ব্যবহার করে চুল পরিষ্কার করুন।গোসলের পর পরই অনেকে চুল ঠিক রাখতে জেল ও ক্রিম ব্যবহার করেন। এসব রাসায়নিক পণ্য চুলের বাহ্যিক সৌন্দর্য ধরে রাখে ঠিকই, কিন্তু ক্ষতি করে অনেক গভীরে। তাই চুলে কৃত্রিম রাসায়নিক পণ্যের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক যত্নের দিকে বেশি মনোযোগ দিন।চুলের প্রাকৃতিক যত্নের জন্য তেলের কোনো বিকল্প নেই। গোসলের আগে কমপক্ষে ১৫ মিনিট চুলে তেল দিয়ে রাখলে শ্যাম্পুর পর আলাদা কন্ডিশনারের প্রয়োজন হয় না। মাথার ত্বকও থাকে সুস্থ। তেল গরম করে ব্যবহার না করাই ভালো। এতে চুল পড়ে যায় অনেক বেশি। যাঁরা সকালে গোসল করেন, তাঁরা রাতে তেল মেখে ঘুমাতে পারেন। সপ্তাহে অন্তত একবার প্রাকৃতিক যত্ন দিতে পারেন চুলকে। মাথায় টকদই মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করুন। প্রাকৃতিকভাবেই চুলে আলাদা চমক ও মসৃণতা চলে আসবে। কৃত্রিম কন্ডিশনার লাগবে না। শুকনো আমলকী ও শিকাকাই রাতে ভিজিয়ে রাখুন। সকালে দুটোকে একসঙ্গে বেটে ক্যাস্টর অয়েল, তিলের তেল ও টকদই মিশিয়ে পেস্টের মতো করুন। ২০ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। চুল যেমন পরিষ্কার হবে, তেমনি খুশকিও কমবে।তানজিমা শারমিন বললেন, ‘আজকাল খুব কম খরচে চুলে প্রোটিন ট্রিটমেন্ট দেওয়া যায়। মাসে অন্তত একবার প্রোটিন ট্রিটমেন্ট দিলে খুশকিসহ চুলের যাবতীয় সমস্যা থেকে অনেক দিন মুক্ত থাকতে পারবেন। শীতেও ঝলমলে থাকবে আপনার চুল।শীতকালে সবার ত্বকেই কমবেশি সমস্যা হয়। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার ফলে ত্বকেও আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যায়। লাল হয়ে ফেটে যায়। কারও কারও ত্বকে কালচে ছোপ পড়ে। পাশাপাশি খুশকি ও র্যাশের সমস্যা তো আছেই। তাই শীতকালে ত্বকের চাই নিয়মিত ও বিশেষ যত্ন।তানজিমা শারমিন আরও বলেন, ত্বকের যত্নে ভালোভাবে পরিষ্কার করা বা ক্লেনজিংয়ের বিকল্প নেই। সে ক্ষেত্রে প্রতিদিন বেশ কয়েকবার পরিষ্কার পানিতে মুখ ধোয়ার অভ্যাস করতে হবে। কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরে ভালো করে লোশন দিয়ে ত্বক পরিষ্কার করা যেতে পারে।শীতে যেহেতু ত্বকে ময়েশ্চারের পরিমাণ কমে যায়, সেহেতু ময়েশ্চার বা আর্দ্রতা বাড়ানোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা ঘন ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করবেন। তৈলাক্ত ত্বকের অধিকারীরাও কমবেশি শুষ্কতা অনুভব করেন। তাঁদের প্রতিদিন স্বাভাবিক লোশন ব্যবহার করলেই চলে। সময় হাতে রেখে ত্বকে কিছু ভেষজ প্যাক ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ি ও পাকা খেজুর দুধে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর বেটে পেস্ট করে মুখে মাখান। কিছু সময় অপেক্ষার পর ধুয়ে ফেলুন। ত্বকের পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন।যাঁদের সাবানে সমস্যা হয়, তাঁরা মুখ ধোয়ার জন্যও প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। পাকা কমলালেবুর রসের সঙ্গে দুধ ও ময়দা মিশিয়ে মুখ ধুতে পারেন। এতে ত্বক পরিষ্কার ও নরম হবে।যাঁরা গরম পানিতে মুখ ধোন, তাঁরা গরম পানির পর পরই ঠান্ডা পানিতে মুখ ধোবেন। যাঁদের ত্বকে খুশকি ও র্যাশ হয়, তাঁরা পার্লারে মাসে একবার সিলভার ফেসিয়াল করাতে পারেন।শীতের অত্যাচারে হাত ও পায়ের অবস্থাও নাজুক হয়ে ওঠে। হাতের কনুইয়ে কড়া পড়ে যাওয়া এ সময়ের স্বাভাবিক চিত্র। সে ক্ষেত্রে ঘুমানোর আগে গরম পানি দিয়ে প্রতিদিন কনুই পরিষ্কার করতে পারেন। কাঁচা রসুন পেস্ট করে এর রস রাতে লাগিয়ে রাখলেও দাগ কমে যায়। অথবা লেবুতে চিনি ছড়িয়ে স্ক্রাব করতে পারেন।পায়ের যত্নে অনেকেই ঝামা বা চিনামাটির ঘষা পাথর ব্যবহার করেন। কারণ, শীতে প্রায় সবারই পা ফেটে খসখসে হয়ে যায়। অতিরিক্ত ওজনের কারণেও পা ফাটে। খালি পায়ে হাঁটলেও পা ফাটার মাত্রা বেড়ে যায়। তাই ঘরেও আরামদায়ক পাতলা স্যান্ডেল ব্যবহার করুন। গোড়ালির জন্য ঝামাপাথর ব্যবহার না করে পিউমিস স্টোন ব্যবহার করুন। এসবের বাইরে প্রতিদিন নিয়ম করে হাত-পায়ে লোশন লাগানো তো থাকছেই। লোশনের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।সবশেষে তানজিমা শারমিন বলেন, ত্বকের যত্নে ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ পানি খাওয়ার কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে প্রচুর পরিমাণ মৌসুমি শাকসবজি ও ফলমূল খেতে হবে। ব্রোকলি, বাদাম, দুধ ও সবুজ শাকসবজি ত্বক সুন্দর রাখে। নতুবা লাল মাংস, তেলেভাজা পোড়া খাবার খেয়ে মাসে দুবার ফেসিয়াল করালেও নিজেকে সুন্দর রাখা সম্ভব নয়। তাই বছরের যেকোনো সময় নিজেকে সুন্দর রাখতে, নিজেকে সময় দিতে ও যত্ন নিতে হবে সবার আগে।