শীতের কনভার্স

ক্রমেই জেঁকে বসছে শীত। শীতের প্রকোপ থেকে বাঁচতে জুতোর শরণাপন্ন হন সবাই। তবে যাঁরা একটু তরুণ, তাঁদের ঝোঁক কনভার্সের দিকে। তুলনামূলক আরামদায়ক ও ফ্যাশনেবল বলে এর চাহিদা একটু বেশিই। মোটা কাপড়, ক্যানভাস, জিনস ও চামড়ার তৈরি বিভিন্ন রকমের কনভার্স পাওয়া যায় বাজারে। হাই কনভার্স, সেমি হাই কনভার্স, শু কনভার্স, প্লেইন কনভার্স, স্পোর্টস কনভার্সের চাহিদা বাজারে তুলনামূলক বেশি। মানভেদে বাজারে বিভিন্ন দামের কনভার্স পাওয়া যায়। ব্র্যান্ডের কিনতে চাইলে দাম একটু বেশি পড়বে। রিবক, গুচি, উডল্যান্ড, জিএমটি, ভ্যালরওয়ালফ, চিং মিং সু, জেনিস, বে ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের কনভার্স পাওয়া যায় বাজারে। বাটার শোরুমগুলোতে নাইকি, অ্যাডিডাসের কনভার্স পাবেন। দাম একটু বেশি হলেও এগুলোর মান ভালো। এই দুই ব্র্যান্ডের কনভার্সের জন্য ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে। সাধারণ কনভার্স পাওয়া যাবে চার শ থেকে দুই হাজার টাকার মধ্যে। রাজধানীর চৌরঙ্গী সুপার মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, নিউমার্কেট এলাকার মার্কেটগুলোতে, নিউ এলিফ্যান্ট রোড, ফার্মগেট, গুলিস্তান, মিরপুর, বনানীর প্রায় সব দোকানেই কনভার্সের সন্ধান পাবেন।