শীতের কষ্ট পথেঘাটে ফুটপাতে
সকাল সোয়া সাতটায়ও ভোরের বার্তা, কুয়াশার চাদরে ঢাকা রেলস্টেশনে সূর্যের দেখা মেলে না। কিন্তু বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেনের ইঞ্জিনটা জেগে উঠেছে, শিক্ষার্থীদের কোলাহলে ক্রমশ মুখরিত হচ্ছে প্রতিটি বগি। ঠিক সাড়ে সাতটায় একটি বগিতে দেখা গেল এক যুবতী মা ও তাঁর দু-তিন বছর বয়সী ছেলেকে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছেন। মায়ের শরীরে ছেঁড়া শাড়ি আর ছেলের পরনে হাফপ্যান্ট ও একটি পাতলা কাঁথা। ট্রেন নড়েচড়ে, কিন্তু তাঁরা অনড়, মায়ের বুকের উষ্ণতায় তখনো বেঘোরে ঘুমাচ্ছে শিশুটি। অনেক ডাকাডাকির পর ডাকা হলো স্টেশনের পুলিশ। তাঁরা এসে লাঠি মেরে ঘুম থেকে জাগিয়ে ট্রেন থেকে নামিয়ে দিলেন মা-ছেলেকে। এই চিত্র গত বুধবারের। নিজের চোখে দেখা ভাসমান মানুষের এই কষ্টের বর্ণনা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী জলি মুখার্জি।ট্রেনের বগিতে মাথার ওপর একটা ছাদ পেয়েছিলেন মা ছেলে। কিন্তু যাঁরা ঘুমান নগরের পথেঘাটে, ফুটপাতে—এই শীতে তাঁদের কী অবস্থা? বাস স্টেশন, বিভিন্ন ভবন, বিপণিকেন্দ্র, কারখানার সামনে রাত কাটান যাঁরা; অবর্ণনীয় কষ্টের বর্ণনা দিলেন সবাই। নিউমার্কেট, চট্টগ্রাম পুরাতন ও নতুন রেলওয়ে স্টেশন, স্টেডিয়াম, দেওয়ানহাট ওভারব্রিজ, শুভপুর বাস স্টেশন ও স্টেশন সড়ক এলাকায় ভাসমান মানুষগুলো জানান, তাঁদের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগ সামান্যই। তবে মাঝেমধ্যে কিছু সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতের পোশাক বিতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার উদ্দীন চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘চট্টগ্রাম শহরে কমপক্ষে এক লাখ ৪০ হাজার ভাসমান মানুষ আছে, ফুটপাতেই যাদের ঘর-সংসার। এই মানুষগুলো বৃষ্টিতে ভিজে, রোদে পোড়ে। এখন তারা শীতের কামড়ে কষ্ট পাচ্ছে।’তাঁদের জন্য কী করা যায়? এ প্রশ্নের জবাবে অধ্যাপক ইফতেখার বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) সুদূরপ্রসারী ব্যবস্থা নিতে পারে। জাপান ও আমেরিকায় ভাসমান মানুষের জন্য পিপল্স পার্ক আছে, সরকার এখানেও সে রকম উদ্যোগ নিতে পারে। তবে ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।নন্দনকানন ডিসি হিলের আশপাশের ফুটপাতে সারা বছরই থাকে ২০-৩০টি পরিবার। এখন ছোট চটের বস্তা বিছিয়ে খোলা আকাশের নিচে সংসার পেতেছেন তাঁরা। বস্তা ও পলিথিন টাঙিয়ে রাত কাটান তাঁরা। প্রতিটি পরিবারে ছয়-সাতজন সদস্য ছেঁড়া কাপড় ও বস্তা গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দুই নাতনির সঙ্গে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৭০ বছরের বৃদ্ধা সাহারা খাতুন। শীত লাগে না? প্রশ্ন করলে তিনি উল্টো বলেন, ‘গরিবর আবার শীত-গরম কী?’চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় শুক্রবার ভোরের আলো ফোটার পর রোগনিরূপণকেন্দ্রের দারোয়ানের ধমকে ঘুম ভাঙে কয়েকজন নারী-পুরুষের। এদের একজন ফাতেমা খাতুন। তিনি নিজের বয়স ১১৪ দাবি করে বলেন, ‘আমি বুড়া মানুষ, সহজে নড়াচড়া করতে পারি না। তাই কেউ শীতের কাপড় দিলেও পাই না। শীতকালে সর্দি-কাশি হয়।’ মেহেদিবাগ এলাকার একটি গ্যারেজের সামনে চটের বস্তা জড়িয়ে ঘুমিয়েছিলেন ৭০ বছর বয়সী সমীর কান্তি বড়ুয়া। ঝরঝরে ইংরেজিতে তিনি বললেন নিজের দুঃখের কাহিনি—১৯৪৭ সালে স্নাতক পাস করেছেন, রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। ৪০ বছর আগে মাথায় সমস্যা দেখা দিলে চট্টগ্রাম শহরে পাড়ি জমান। নিজেকে ‘পাগল’ দাবি করে তিনি বলেন, ‘এলাকার লোকজন আমাকে যথাসাধ্য সাহায্য করেন, গরম কাপড় দেন।’ তবে সমীরের মতো ভাসমান এক নারী বলেন, ‘ঠান্ডায় কাবু হয়ে পড়েন সমীর কিন্তু খবর থাকে না।’ কাজীর দেউড়ির এলাকার ফুটপাতে বসে পথচারীদের কাছে হাত পাতছিলেন পঙ্গু সাইফুল হক। তিনি জানান, রাত হলে ওখানেই ঘুমিয়ে পড়বেন। ৬ জানুয়ারি রাত সাড়ে ১১টায় প্রাইম ব্যাংক জুবিলি সড়ক শাখার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মোমিন সড়ক, নন্দনকানন ও প্রবর্তক মোড়ে ২০০ কম্বল বিলি করা হয়। এ প্রসঙ্গে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এইচ মোকতার আহমদ বলেন, ‘সামাজিক দায়িত্ব মনে করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগে নিয়েছি।’