শীতের কাছে পরাস্ত ভোজ্যতেলে প্রতারণা!
শীত মৌসুমে পামতেল ও সুপার পামতেল জমাট বেঁধে যায়। এ কারণে পাম ও সুপার পামতেলকে সয়াবিন হিসেবে চালানোর সুযোগ থাকে না। ক্রেতা ঠকাতে পারেন না খুচরা ব্যবসায়ীরা। ফলে চাহিদা কমে পামতেলের। চাহিদা বাড়ে সয়াবিনের। আর এ সুযোগে বাড়ছে সয়াবিনের দাম। ভোজ্যতেল বেচাকেনার সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও ঝুঁকছেন সয়াবিনের দিকে। খাতুনগঞ্জ সূত্রে জানা গেছে, চাহিদা বাড়ার কারণে গত দুই সপ্তাহে সয়াবিনের দাম বেড়েছে মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা। দুই সপ্তাহ আগে প্রতিমণ সয়াবিন বিক্রি হয় কোম্পানিভেদে চার হাজার ১৫০ থেকে ২৫০ টাকা। গত বৃহস্পতিবার সাপ্তাহিক লেনদেনের শেষ দিন সয়াবিন বিক্রি হয় মণপ্রতি চার হাজার ২৫০ থেকে ৩৫০ টাকা। তবে এ সময়ে পামতেলের দর স্থির রয়েছে। কাস্টম হাউসের হিসাবে দেখা গেছে, আমদানি হওয়া ভোজ্যতেলের মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশই আসে পামতেল। গত অর্থবছর দেশে ভোজ্যতেল আমদানি হয় ১৩ লাখ ৩১ হাজার ৮২৮ মেট্রিক টন। এর মধ্যে নয় লাখ ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন অর্থাৎ প্রায় ৭০ শতাংশ আমদানি হয় পামতেল। আমদানি হওয়া বাকি ভোজ্যতেল সয়াবিন।ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের আমদানির দুই-তৃতীয়াংশ পামতেল হলেও বাজারে বেশির ভাগ দোকানেই পামতেল বিক্রি হয় না। যেমন, নগরের রিয়াজউদ্দিন বাজারে শুধু একটি দোকানেই মেলে পামতেল। একই অবস্থা কর্ণফুলী মার্কেট ও পাহাড়তলী বাজারের। আমদানি হওয়া সয়াবিনের সিংহভাগ বোতলজাত করে বাজারজাত করা হয়। খোলা আকারে সয়াবিনের বাজারজাত হয় কম। শুধু শীত মৌসুমে খোলা আকারে সয়াবিনের বাজারজাত হয় বেশি। এ প্রসঙ্গে খাতুনগঞ্জের একজন পাইকারি ব্যবসায়ী বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, পাম ও সুপার পামতেলের চাহিদা এখন শুধু রেস্তোরাঁকেন্দ্রিক। খুচরা বিক্রেতারা এখন পামতেল ও সুপার পামতেল কেনা কমিয়ে দিয়েছেন।বাজার ঘুরে দেখা গেছে, পামতেল জমাট বেঁধে যাওয়ার কারণে এখন খুচরা ব্যবসায়ীরা পামতেল বিশেষ করে ভালোভাবে পরিশোধন করা সুপার পামতেল বিক্রি কমিয়ে দিয়েছেন। কারণ জমাট বেঁধে যাওয়ায় ক্রেতাদের যেমন এই তেল কেনায় আগ্রহ নেই, তেমনি সয়াবিন হিসেবে বিক্রিরও সুযোগ থাকে না। এ প্রসঙ্গে জানতে চাইলে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মোজাহের আলম প্রথম আলোকে বলেন, খুচরা বাজারে সয়াবিন তেল হিসেবে বিক্রি হয় সুপার পামতেল। তবে আগামী তিন মাস এভাবে বিক্রির সুযোগ থাকবে না। এ কারণে বাড়তি চাপ পড়েছে সয়াবিনের ওপর। প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমের আগে সয়াবিনের দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। খুচরা বাজার ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২২ টাকায়। দুই সপ্তাহ আগে সয়াবিন বিক্রি হয় কেজিপ্রতি ১১৬ টাকায়। বোতলজাত সয়াবিনেরও দাম বেড়েছে।