শীতের গপসপ

এবার বসন্ত আসার আগেই তোমার কাছে কিছু শীত পাঠাব। কোনো অজুহাত নয়, একঘেয়ে আলসেমি নয়, এবার শীতে ঠিক লিখতে বসব, দেখো।
বসন্ত আসার আগেই তোমার উঠোনে পৌঁছে যাবে আমন ধানের গন্ধ। কিছু রূপকথা। হাওরে গাঢ় হয়ে দুধের সরের মতো কুয়াশা নামার গল্প। ছেলেবেলা।
শীতে একদল গল্পের জাদুকর আসে আমাদের গ্রামে। ধান কাটার জন্য। ধান কাটা শেষ করে প্রতি সন্ধ্যায় তাদের আসর হতো আমাদের নিয়ে। আমাদের স্বপ্নগুলো নিয়ে। আলাল-দুলাল, অরুণ বরুন কিরণমালা আরও কত কত শীত, শীতের বুড়ি, শীতের রূপকথারা আসত আমাদের স্বপ্নে। ধান কাটা শেষ হলেই তারা চলে যেত অন্য কোথাও, অন্য কোনো গ্রামে। আমরা আরও একটি শীতের অপেক্ষা করি আমাদের স্বপ্নগুলোর জন্য।
আমাদের পশ্চিমের বিলে পাখিদের মেলা বসে। কত রকমের পাখি, কত রঙের পাখি—নীল, ধূসর, খয়েরি। একসাথে অনেক পাখি রংধনু হয়ে আকাশে উড়ছে। কখনো সাপের মতো করে এঁকেবেঁকে, কখনো বৃত্তের পরিধির মতো করে উড়ছে তারা। একটুও ক্লান্তি নেই তাদের। তারা যেন আমাদের কাছে একেকটা উড়ন্ত খেলনা। যেন সুদূর সাইবেরিয়া থেকে এসেছে সার্কাস দেখানোর জন্য।
সেবার খুব শীত পড়ল। কুশিয়ারার বুকে ভেসে উঠল এক বাঘা মাছ। বিরাট আকৃতির। ছয়-সাতজন মিলে তাকে তোলা যায় না। সে মাছ দেখার জন্য মানুষের কী ভিড়!
সংক্রান্তিতে বাজারে মেলা বসে। মাছের মেলা। রাজ্যের মাছ সেদিন সারি সারি করে সাজানো হয় বাজারে। চিত হয়ে শুয়ে থাকে মাছের রাজারা। সে মেলা দেখার জন্য অনেক দূরের গ্রাম থেকে মানুষ এসে ভিড় করে। পুরো মাছের বাজার ভরে যায় হলুদ পাম্পলাইটের আলোয়। কুশিয়ারার পাড়ে সে সময় অনেক ভিড়, কোলাহল, হইচই। এক বিরাট উত্সব।
শীত মানেই পৌষসংক্রান্তি। পিঠা। রসের পিঠা। দুধ চিতই, পুলি, পাটিসাপটা, ভাপা। পাপড় হতো হরেক রকমের। তুমি তো কখনো পৌষালি ধানের ঘ্রাণ মাখোনি।
গ্রামের শীত দেখোনি। ধানের সোনার ছড়ায় শিশির দেখোনি। খড়কুটোর আগুনে কখনো শীত পোহাওনি। দেখোনি গভীর শীতের রাতে বাঁশবাগানে ধূসর পেঁচা। বটগাছে বকের ছা। দেখোনি রোদের সোনা কেমন করে ছড়িয়ে পড়ে শীতের আঁচলে।
শোনো, শহরের ব্যস্ততা ভেঙে আগামী শীতে তুমি আমাদের গ্রামে এসো কেমন? তোমাকে কিছু শীত দেখাব!