শীতের দিনে আম!

গ্রীষ্মের ঘামঝরানো দিনগুলোতে আমের মধুর স্বাদ গরমের প্রচণ্ডতাকে সহজেই ভুলিয়ে দিতে পারে। ঘামঝরানো গরমের সঙ্গে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এই ফলের ঘনিষ্ঠ সংযোগ। আম বলতেই তাই আমাদের মনের পর্দায় ফুটে উঠে গ্রীষ্ম দিনের স্মৃতি।
আমের সঙ্গে গ্রীষ্মের এই আত্মার সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুষারঢাকা ভূমিতে আম চাষে ব্রতী হয়েছেন জাপানের হোক্কাইডোর ব্যতিক্রমী এক মানুষ। পাঁচ বছর ধরে তাঁর নিরলস প্রচেষ্টায় এখন সেখানে ডিসেম্বর মাসের হাড় কাঁপানো শীতের মধ্যেও ফলন হচ্ছে আমের। স্বাদ আর চেহারার দিক থেকে আমাদের অঞ্চলের ফজলি, লেংড়ার চেয়ে কোনো অংশে কম নয় বরফঢাকা প্রান্তরে ফলন হওয়া সেসব আম।

হোক্কাইডোর আম
হোক্কাইডোর তোকাচি অঞ্চলের বাসিন্দা হিরোইয়ুকি নাকাগাওয়ার আম চাষে জড়িত হওয়া অনেকটা কাকতালীয়ভাবে। ৫৪ বছর বয়সী এই উদ্যমী ব্যবসায়ী জীবনের বড় একটা সময় পার করেছেন গুদামঘর ভাড়া দেওয়ার ব্যবসায়। জাপানের উত্তরের প্রধান দ্বীপ হোক্কাইডোর তোকাচি অঞ্চল কৃষিপণ্য ও গবাদিপশুর খামারের জন্য বিখ্যাত। স্বল্প জনসংখ্যার সেই অঞ্চলে অনেকেই কৃষিকাজ কিংবা গবাদিপশুর খামার পরিচালনায় নিয়োজিত। হিরোইয়ুকি নাকাগাওয়ার বেলাতেও এর ব্যতিক্রম ছিল না। মূল ব্যবসার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে জড়িত থাকার কারণে জাপানের কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে বেশ কয়েক বছর আগে একসময় তাঁকে দক্ষিণের কিউশু দ্বীপের মিয়াজাকি জেলায় যেতে হয়েছিল। জাপানে আমের ফলনের জন্য মিয়াজাকির খ্যাতি রয়েছে। সেখানকার অপেক্ষাকৃত উত্তপ্ত আবহাওয়া আম চাষের উপযোগী হওয়ায় অনেক দিন থেকেই জাপানের সেই জেলায় আমের ফলন হচ্ছে এবং মিয়াজাকির আম জাপানে যথেষ্ট পরিচিত।
কৃষি মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মিয়াজাকিতে অবস্থান করার সময় সেখানকার একজন আমচাষির সঙ্গে নাকাগাওয়ার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই ব্যক্তি একসময় হোক্কাইডোতে আম চাষের চেষ্টা করে দেখার উপদেশ দিয়েছিলেন। এ-ও বলেছিলেন যে আমগাছের চারা সরবরাহ করা ছাড়াও চাষাবাদে নানা রকম সাহায্য করতেও তিনি প্রস্তুত। নতুন সেই বন্ধুর কাছ থেকে পাওয়া উৎসাহ একসময় তাঁকে পরীক্ষামূলকভাবে আম চাষের দিকে ঠেলে দিয়েছিল। শুরুতে যখন তিনি তোকাচি অঞ্চলের মানুষের কাছে তাঁর সেই নতুন পরিকল্পনা সম্পর্কে বলতে শুরু করেছিলেন, অনেকেই ভেবেছিলেন নাকাগাওয়ার মাথায় গোলমাল দেখা দিয়েছে। হোক্কাইডোর মতো বছরের বড় একটা সময় ধরে বরফে ঢেকে থাকা এলাকায় আমের চাষ—কেউ সেটা বিশ্বাস করতে চাননি।

গ্রিন হাউসে আম
সম্পূর্ণ বিপরীত আবহাওয়ার সেই এলাকায় আম ফলাতে হলে গ্রিন হাউস বা আচ্ছাদিত ঘরের ভেতরে যে তা করতে হবে, তা সহজেই বোধগম্য। তবে প্রশ্ন হচ্ছে, আচ্ছাদিত সেই গ্রিন হাউসে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবেশ কীভাবে তৈরি করে নেওয়া যায়, আমগাছ যেখানে স্বচ্ছন্দে বেড়ে ফলবান হয়ে উঠবে? শুরুতে ছোট এক গ্রিন হাউসে মিয়াজাকি থেকে বন্ধুর পাঠানো আমের পাঁচটি চারাগাছ নিয়ে নাকাগাওয়া নেমে পড়েন। সেটা ২০১০ সালের ঘটনা। মিয়াজাকির বন্ধু তাঁকে বলেছিলেন, গ্রীষ্মের শেষ দিকে আচ্ছাদিত ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করে নিতে পারলে বছরের শেষ দিকে গাছে আম ধরবে। সেই উপদেশ অনুসরণ করে প্রথম বছরেই অভাবনীয় ফলাফল পেয়ে যান নাকাগাওয়া। বলা যায়, সেই সাফল্য আম চাষের দিকে তাঁকে পুরোপুরি টেনে নিয়ে যায়। আগের ব্যবসা গুটিয়ে নিয়ে আম চাষে তিনি সম্পূর্ণভাবে নিয়োজিত হন। একই সঙ্গে হোক্কাইডোর তুষারঢাকা শীতল আবহাওয়াকে কীভাবে তাঁর সেই পরীক্ষামূলক চাষাবাদের অনুকূলে নিয়ে আসা যায়, সেই চিন্তাও তাঁর মাথায় খেলতে থাকে। কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্পূর্ণ নতুন কিছু প্রক্রিয়া কাজে লাগিয়ে আরও বিস্তৃতভাবে আম চাষে তিনি নিয়োজিত হন।
শীতকালে জমা হওয়া তুষার বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করার মধ্য দিয়ে গ্রীষ্মে গ্রিন হাউসের ভেতরে শীত শেষ হওয়ার আমেজ তিনি তৈরি করছেন। পাশের উষ্ণ প্রস্রবণ থেকে উঠে আসা উত্তপ্ত পানি বরফঢাকা শীতের মধ্যে গ্রিন হাউসের ভেতরের তাপমাত্রা ৩০ ডিক্রি সেলসিয়াসের ওপরে ধরে রাখতে সাহায্য করে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আচ্ছাদিত ঘরের ভেতরে ডিসেম্বর মাসে ফলন হচ্ছে আমের।
আম–বাণিজ্য

নাকাগাওয়ার ঘরের ভেতরের সেসব আমগাছ আকারে হচ্ছে অনেকটা যেন বনসাই। মাটিতে পুঁতে রাখা লোহার আংটার সঙ্গে শক্ত করে বেঁধে রাখা সেই সব গাছের মাথা ফুড়ে দাঁড়ানোর সুযোগ নেই। সাড়ে সাত শ বর্গমিটারের গ্রিন হাউসে আমগাছের সংখ্যা ২৫০। যার সব কয়টি তাইওয়ানি জাতের আমগাছ। মিয়াজাকিতেও সেই একই ধরনের আমের চাষ হয়। নাকাগাওয়ার একেকটি আমগাছে আমের ফলন হয় ১০ থেকে ১৫টি। গত ডিসেম্বর মাসে ২ হাজার ৪০০টি আম তিনি বিক্রির জন্য বাজারে পাঠিয়েছেন এবং আশা করছেন, এ বছর সেই সংখ্যা তিনি তিন হাজারে উন্নীত করে নিতে পারবেন। স্বল্পসংখ্যক সেই আম ব্যবসায়িক সাফল্য আনতে সক্ষম কিনা, সেই প্রশ্ন পাঠকদের মনে স্বাভাবিকভাবেই দেখা দিতে পারে। জাপানে ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষে উপহার আদান-প্রদানের সময়, অনেকেই তখন দুষ্প্রাপ্য ফল উপহার হিসেবে বেছে নেন। জাপানি জীবনের সেই দিকটির কথা চিন্তা করেই কিন্তু নাকাগাওয়া ডিসেম্বর মাসকে আম ফলনের জুতসই মাস বলে ধরে নিয়েছিলেন। টোকিও মেট্রোপলিটন এলাকায় নাকাগাওয়ার পাঠানো আম প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ হাজার থেকে ৩০ হাজার ইয়েন মূল্যে, ডলারের হিসাবে যা হলো ১২৫ থেকে ২৫০ ডলার! সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া আমটির দাম উঠেছিল ৫০ হাজার ইয়েন।
আচ্ছাদিত ঘর, গ্রীষ্মে শীতলীকরণ ব্যবস্থা ও শীতকালে গ্রিন হাউস উত্তপ্ত রাখা—এসবই হচ্ছে যথেষ্ট ব্যয়বহুল। তবে নাকাগাওয়াদের মতো উদ্যমী ব্যবসায়ীদের সহায়তা করতে হোক্কাইডোর স্থানীয় সরকারের পাশাপাশি জাপানের কৃষি মন্ত্রণালয়ও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
হোক্কাইডোতে নাকাগাওয়ার আমের ফলন দেখতে গিয়ে তাঁকে আমি বলেছিলাম, আমের মৌসুমে বাংলাদেশে গিয়ে আমের স্বাদ নিতে। তিনি কথা দিয়েছেন সময় ও সুযোগ করে নিতে পারলে আমের স্বাদ গ্রহণ করতে অন্তত একবার তিনি অবশ্যই বাংলাদেশে যাবেন। ফলে আশা করতে পারি আগামীতে কোনো একসময় আমাদের পরিচিত জাতের আমগাছও হয়তো হোক্কাইডোতে বরফঢাকা শীতের মধ্যে ফলবতী হয়ে উঠবে।