শীতের দোষ
শীতের রাতের কনকনে শীত। আজানের শব্দ কানে আসতেই আমার ঘুমটা ভেঙে গেল। উঠতে ইচ্ছা করছিল না। পরক্ষণেই ভাবলাম, একটু পর তো আব্বা বেত নিয়ে হাজির হবেন। কিন্তু এই মূল্যবান ঘুম আর হাড়কাঁপানো শীতের কাছে হার মানলাম। সুতরাং, আবার ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারব না। আব্বার বজ্রকণ্ঠ শোনামাত্রই ধড়ফড়িয়ে বিছানা ছাড়লাম। রুম থেকে যে কোন অলৌকিক শক্তির বলে টয়লেটে গিয়ে ঢুকলাম, তা আমি আজও জানি না। তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে কোনোমতে মুখটা মুছেই মসজিদের দিকে দিলাম ভোঁ দৌড়।মসজিদে ঢোকার পর থেকেই একটা বিষয় আমার কাছে খটকা লাগছিল। সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছি, তখন দেখি সবাই আমাকে দেখে মুখ টিপে হাসছে। আমি অনেকটা হাবার মতো দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আব্বুর কয়েকজন বন্ধু আমাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, ভাতিজা, যাও। বাসায় গিয়ে তাড়াতাড়ি মুখ ধুয়ে নাওগে। আমি টলতে টলতে বাসায় এসে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নাতে যা দেখলাম, তাতে আমি নিজেই হেসে কুটিকুটি হওয়ার জোগাড়। আমার পুরো মুখ কালিতে ভরা। তাড়াতাড়ি মসজিদে যাওয়ার কারণে ভুলে গাড়ি মোছার ন্যাকড়া দিয়ে মুখ মুছে ফেলেছি। তখন কুয়াশা ছিল তো তাই!আসলে সব দোষ শীতের! ইন্দিরা রোড, তল্লাবাগ, ঢাকা।