শীতের ধুলায় ধূসর জীবন
শীতে শুষ্ক হয়ে উঠছে প্রকৃতি। ধুলায় ঢেকে গেছে মেঠোপথ থেকে রাজপথ। বাড়ির ছোট্ট সদস্যটি পড়ন্ত বিকেলে খেলতে গিয়ে যখন ধুলায় গড়াগড়ি খেয়ে বাড়ি ফেরে, তখন সঙ্গে করে সে নিয়ে আসতে পারে ধুলাবাহিত জীবাণু। আবার বড়রাও ধুলামাখা পথ মাড়িয়ে যখন বাড়ি ফেরেন, বহন করে আনতে পারেন জীবাণু। শীতের এই ধুলাবালি সত্যিই কি কোনো রোগ তৈরি করতে পারে? জানতে চেয়েছিলাম বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেসের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরীর কাছে। তিনি জানান, ধুলাবালি মানুষের শরীরে তৈরি করতে পারে বেশ কিছু রোগ। যেমন হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, অবসট্রাকটিভ লাং ডিজিস, রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিস উল্লেখযোগ্য।যে ধুলা এত সব রোগ তৈরি করে তাকে তো আর হেলাফেলা করা যায় না। তাই ধুলার রোগ এড়াতে এ সময় নিতে হবে কিছু প্রতিরোধব্যবস্থা। অধ্যাপক শুভাগত চৌধুরী কিছু সমাধানও দিলেন। যে এলাকায় ধুলার প্রকোপ বেশি সে এলাকা এড়িয়ে চলতে হবে।ঘরের বাইরে থেকে এসে পরিষ্কার জলে হাত-পা ধুতে হবে ভালো করে।কাজের ফাঁকে ফাঁকে মুখমণ্ডলে পরিষ্কার পানির ঝাপটা দিতে হবে।ফুটপাত দিয়ে হাঁটার সময় মুখে কাপড়ের মুখোশ পরে নিলে সবচেয়ে ভালো হয়। আর শিশুদের বেলায়—বাইরে থেকে তারা খেলা শেষে ফিরলে পোশাক পরিবর্তন করে দিন।ঘরে শীতের মিষ্টি রোদ ঢোকানোর জন্য দরজা-জানালা খুলে রাখি আমরা এ সময়। এ রোদের সঙ্গে ধুলাও ঢোকে ঘরে। দরজা-জানালা বন্ধ করে রাখলে ধুলা ঢুকবে না, ব্যাপারটা কিন্তু এমনও নয়। যে ঘরে বাতাস থাকে, সে ঘরে ধুলাও থাকে। ধুলাকে সরিয়ে সুস্থ থাকতে জেনে নিন অল্পস্বল্প কিন্তু মোক্ষম কিছু তথ্য।বাড়ির কার্পেট, ম্যাট্রেস পরিষ্কার করতে হবে নিয়মিত। এর মধ্যেই লুকানো থাকে ধুলা আর তার সঙ্গে জীবাণু।শোবার ঘরের বিছানার চাদর প্রতি সপ্তাহে ধুতে হবে গরম পানি দিয়ে। ঠান্ডা পানি আর ডিটারজেন্ট কিন্তু জীবাণুকে মারতে পারে না।শিশুর পুতুল কিংবা খেলনা ড্রাই ওয়াশ করতে হবে প্রতি দুই সপ্তাহে অন্তত একবার।শোবার ঘরে ধুলা টানে এমন আসবাব যতটা সম্ভব কম রাখতে হবে। যেমন বইয়ের তাক প্রচুর ধুলা টানে। যদি এটা শোবার ঘরে রাখতেই হয়, অবশ্যই ঢাকনা ব্যবহার করুন।ধুলা আর রোগবালাইয়ের চিন্তা করে শীতটা ধূসর হবে কেন? একটু সচেতনতা আর সাবধানতায় এ শীতটাই হবে উপভোগ্য।