ধোয়া ওঠা ভাপা পিঠা কিংবা রসে ভরা দুধ চিতইয়ের কথা মনে পড়ছে। গ্রামের ঘরে ঘরে এখন ঢেঁকিতে চাল গুঁড়ো হচ্ছে, নারকেল আর গুড়ের মনকাড়া সুবাস আনছে উৎসবের আমেজ। পিঠা-পুলির দিনে পিঠার কথা না ভেবে পারা যায়! তাই এমন দিনে পুষ্টিকথার ঝুলি ভরে উঠুক পিঠার গুণগানে।
একটা বয়সের পর খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতেই হয় সবাইকে। রক্তে শর্করা, কোলেস্টরল কিংবা ইউরিক অ্যাসিড বাড়ছে কি-না সে বিষয়টা বিবেচনায় এনেই খাবার খেতে হয়। কিন্তু শিশুদের বা তরুণ-তরুণীদের সবই খেতে হয়। কিন্তু তাই বলে ফাস্টফুড বা জাঙ্কফুড! কখনোই নয়। পিঠার স্বাদ ফাস্টফুডে আসক্ত তরুণ-তরুণীদের খাদ্যাভ্যাস বদলে দিতে পারে। শহরে দ্রুত জীবনের সঙ্গে পিঠার সংযোগ কমে গেছে। তবু একটু চেষ্টা করলেই সন্তানদের প্লেটে পিঠা তুলে দিতে পারেন বাবা-মায়েরা। বাঙালি পিঠার প্রধান উপাদান চালের গুঁড়া, খেজুরের গুড়, নারকেল, তেল, ঘি আর দুধের মধ্যে আছে প্রচুর পুষ্টিগুণ। রাস্তার জাঙ্কফুডের চেয়ে পিঠা কেন ভালো, সে যুক্তি এবার বৈজ্ঞানিক তথ্য-প্রমাণসহ তুলে ধরা যাক।
চালের গুঁড়া: প্রতি ১০০ গ্রাম আতপ চালে খাদ্যশক্তি আছে ৩৪৬ কিলোক্যালরি, প্রোটিন আছে ছয় দশমিক চার গ্রাম, ক্যালসিয়াম আছে আট মিলিগ্রাম, লৌহ আছে চার মিলিগ্রাম, ভিটামিন বি-১ আছে শূন্য দশমিক ২১ মিলিগ্রাম ও ভিটামিন বি-২ আছে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম।
নারিকেল: প্রতি ১০০ গ্রাম নারিকেলে খাদ্যশক্তি আছে ৩৭৬ কিলোক্যালরি, প্রোটিন আছে ১৯ গ্রাম, ক্যালসিয়াম আছে ২৯ মিলিগ্রাম, লৌহ আছে ৬৯ দশমিক চার মিলিগ্রাম, ভিটামিন বি-১ আছে শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম, ভিটামিন বি-২ আছে শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম।
খেজুরের গুড়: প্রতি ১০০ গ্রাম খেজুরের গুড়ে খাদ্যশক্তি আছে ৮১৭ কিলোক্যালরি, প্রোটিন আছে দুই দশমিক পাঁচ গ্রাম এবং ক্যালসিয়াম আছে ১২০ মি. গ্রাম।
দুধ: প্রতি ১০০ গ্রাম দুধে খাদ্যশক্তি আছে ৬৭ কিলোক্যালরি, প্রোটিন আছে তিন দশমিক দুই গ্রাম, চর্বি আছে চার দশমিক এক গ্রাম, ক্যালসিয়াম আছে ১২০ মিলিগ্রাম, ভিটামিন এ আছে তিন মাইক্রোগ্রাম, ভিটামিন সি আছে দুই মিলিগ্রাম।
এ ছাড়া এক গ্রাম তেলে পাওয়া যায় ৯ কিলোক্যালরি খাদ্যশক্তি।
অনেকগুলো উপাদানের সমন্বয়ে তৈরি শীতের পিঠা উচ্চ খাদ্যশক্তির পুষ্টিকর ও সুস্বাদু খাবার। কাজেই অনায়াসেই এটি হতে পারে সকালের, বিকেলের, টিফিনের এবং অতিথি আপ্যায়নের খাবার। তবে পিঠার সব ধরনের উপকরণ, সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হতে হবে।
লেখক: প্রধান পুষ্টি কর্মকর্তা
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল