শীতের পোশাকে গরম বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাই লন বাছি লন ২০ টাকা’, ‘এক দাম এক রেট ৩০ টাকা।’ চেনা সেই দৃশ্য প্রায় দেখা যায় আমতল থেকে বিপণিবিতান (নিউমার্কেট) এলাকার ফুটপাত ও সড়কের পাশে। তবে গত শুক্রবার একটু ভিন্ন চিত্রই দেখা গেল বিপণিবিতানের (নিউমার্কেট) সামনে। বন্ধের সুযোগে অভিজাত এ বিপণিকেন্দ্রের সামনে খুচরা ক্রেতা-বিক্রেতার হাট বসে যায়, সে হাটের প্রধান পণ্য শীতের কাপড়।এখানে বিক্রেতারা কোরাস গেয়ে এক দামে বিক্রি করছেন সব বয়সী মানুষের পোশাক। ২০ টাকায় নবজাতকের, ৩০ টাকায় ছেলেদের এবং ৪০ টাকায় মেয়েদের শীতের পোশাক বিক্রি হচ্ছে দেদার। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাসমাগমে নগরের শীতের পোশাকের বাজার গরম হয়ে উঠছে। ফুটপাত থেকে অভিজাত বিপণিকেন্দ্র পর্যন্ত শীতের পোশাকের চাহিদা বেড়েছে। তবে এখনো পর্যন্ত নিম্নমধ্যবিত্তের ভরসা পুরোনো শীতের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীদের ধারণা, একটু কনকনে ঠান্ডা পড়লেই নতুন শীতের পোশাকের বিক্রি আরও বেড়ে যাবে।কয়েক দিন ধরে সরেজমিনে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন, জহুর-হকার্স মার্কেট, স্টেশন সড়ক, জুবিলি সড়ক, আন্দরকিল্লা, কাজীর দেউড়ির নূর আহমদ সড়ক, দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানসংলগ্ন ফুটপাত, আগ্রাবাদ, বন্দরটিলা এলাকা ঘুরে দেখা গেছে শীতের পোশাকের দারুণ বেচাবিক্রি চলছে। ব্যবসায়ীরাও পর্যাপ্ত শীতের কাপড় বিক্রির জন্য এনেছেন। ছোট-বড় সব দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নবজাতক আর কিশোর-কিশোরীদের রঙিন সোয়েটার (কার্ডিগান), লম্বা প্যান্ট, কানটুপি, জ্যাকেট, গলাবন্ধনী, মাফলার, হাতমোজা ইত্যাদি। এ ছাড়া তরুণদের জন্য জিনস, খাকি কাপড়, চামড়া আর রেকসিনের তৈরি রকমারি জ্যাকেট, চাকরিজীবীদের জন্য আছে কোট, ব্লেজার, হাফ ও ফুলহাতা সোয়েটার, তরুণীদের জন্য কার্ডিগান, মেয়েদের কোর্ট আর শাল এবং বৃদ্ধদের জন্য শীতের চাদর আর শাল। বিপণিবিতান, স্যানমার ওশান সিটি, আমীন সেন্টার, ইউনুস্কো সেন্টারসহ অভিজাত বিপণিকেন্দ্রে ক্রেতারা খুঁজছেন ব্রান্ডের শীত-পোশাক। কারও পছন্দ অ্যাংগোরা সোয়েটার, কারও পছন্দ কাশ্মিরী শাল ইত্যাদি। এ ছাড়া জামালখানের বিগবাজার, প্রবাল চৌধুরী সড়কের (দেওয়ানজী পুকুরপাড়) অর্ণবে বিদেশি শাল ও শীতের পোশাকের ভালো সংগ্রহ আছে।জুবিলি সড়ক থেকে জহুর-হকার্স মার্কেটে ঢুকতেই হাতের বামপাশে (মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয় মার্কেট) বড়কল স্টোর্সে শোভা বাড়াচ্ছে ছোট-বড় সবার শীতের পোশাক। ক্রেতার ভিড়ও বেশ। এক বিক্রয়কর্মী নাম প্রকাশ না করে বলেন, ‘আমাদের দোকানে সবই নতুন পোশাক। প্রচুর ক্রেতা আসছেন, দেখছেন। তবে এখনো পুরোদমে বেচাবিক্রি শুরু হয়নি।’একটা সময় ছিল জহুর হকার্স মার্কেটের পরিচিতি ছিল ‘টাল কোম্পানি’ নামে। এখন অনেক বদলে গেছে বিপণিকেন্দ্রটি। দোকানে দোকানে নিত্যনতুন ডিজাইন আর দেশি-বিদেশি পোশাকের সংগ্রহ চোখ ধাঁধিয়ে দেয়। বলতে গেলে বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় শীতের পোশাকের জোগান দিয়ে থাকে বিপণিকেন্দ্রটি। শুধু নিম্নমধ্যবিত্ত নয় উচ্চবিত্ত অনেক ক্রেতাকেও এখানে ঘুরে ঘুরে কেনাকাটা করতে দেখা গেছে।এখানে কথা হলো সপরিবারে শীতের পোশাক কিনতে আসা গৃহিণী আসমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘এই যে চার মাসের শিশুটা দেখছেন ওর নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারেরা বলছেন কয়েক বছর ওকে ঠান্ডা থেকে দূরে রাখতে। মূলত ওর জন্যই আগেভাগে শীতের পোশাক কিনতে এলাম। এখানে কম দামে ভালো ভালো কাপড় পাওয়া যায়।’তামাকুমণ্ডি লেনের কিছু দোকানে দেখা গেল ছেলেদের হালফ্যাশনের জ্যাকেট, ব্লেজার আর সোয়েটার। দাম হাঁকা হচ্ছে সর্বনিম্ন ৮০০ টাকা। বিক্রেতাদের দাবি, এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। পুরোনো কোটের ভালো সংগ্রহ রয়েছে মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়ের সামনের ফুটপাতে। এখানে কোট পাওয়া যাচ্ছে কমমূল্যে। বিক্রেতারা নির্দিষ্ট দাম বলতে চাইলেন না। বললেন, ‘একেকটার একেক দাম।’ তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল হাসনাত সোহেল জানালেন, ‘মাত্র ৩৫০ টাকায় কিনলাম। সেলাতে গেলে দুই হাজার টাকা লাগত ভাই।’শীতের পোশাকের পাশাপাশি স্টেশন সড়ক, রিয়াজউদ্দিন বাজার আর জহুর-হকার্সের কম্বলের দোকানগুলোতেও ভালো বেচাকেনা চলছে। এখানে সাধারণ কম্বল ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্লাস্টিকের প্যাকেট করা বাচ্চাদের কম্বল ৪৫০-৫৫০ টাকা, বড়দের কম্বল এক-আড়াই হাজার টাকা বিক্রি হচ্ছে। মূলত আকার এবং সিঙ্গেল-ডাবলের ওপর নির্ভর করছে দরদাম।