শীতের পোশাকে নতুনত্ব
শীত বেশ জেঁকে বসেছে। চলছে শীতের পোশাক কেনার ধুম। এ বছর বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে ছেলেমেয়েদের শীতপোশাকে। কাটছাঁটের পাশাপাশি হাতার নকশায়ও পরিবর্তন হয়েছে।‘পাশ্চাত্য ধারা অনুসরণ করে তৈরি করা হয়েছে এসব শীতপোশাক। বিশেষ করে মেয়েদের সোয়েটার। দৈর্ঘ্য একটু বেশি ও স্ট্রাইপ সোয়েটার এবার বেশি চলছে। সোয়েটারের গলায় ওভার ফ্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটি স্কার্ফের বিকল্প হিসেবে কাজ করে।’ বলেন ফ্যাশন হাউস একস্ট্যাসির ডিজাইনার তানজীম হক।টি-শার্ট ও শার্টের ওপর পরার জন্য হাতাকাটা সোয়েটার মানানসই। মধ্যে কুচি দেওয়া, চুড়িদার হাতা তরুণীদের পছন্দ। এবার সম্পূর্ণ আঁঁটসাঁট নয় বরং একটু ঘের দেওয়া, ঢোলা শীতপোশাকের বেশ চল দেখা যাচ্ছে। নিট কাপড় দিয়েই মূলত তৈরি হয়েছে এসব সোয়েটার। এ ছাড়া পশমি উলের, ক্রুশ কাজের সোয়েটারও পরছেন অনেকে। তবে সোজা কাটের প্যান্ট বা জিনসের সঙ্গে পরতে পারেন ব্লেজার ও কোট। মেয়েদের ব্লেজারের দৈর্ঘ্য কোমরের ওপর পর্যন্ত দেখা যাচ্ছে। এর নিচের দিকে ফিতা দিয়ে নকশা করা হয়েছে, যাতে ফিটিং ভালো হয়। নকশায় আরও ব্যবহার করা হয়েছে ছোট ছোট পাথর। একস্ট্যাসির শীতপোশাকের বিশেষ আয়োজনে এ বছর থাকছে সিনড্রেলা কালেকশন, যেখানে কার্ডিগ্যান, টপস, কোট সবই পাবেন।ছেলেদের শীতপোশাকে এবারও জনপ্রিয় জ্যাকেট। ফ্লিস কাপড়ের নানা রঙের জ্যাকেট পরছে তরুণেরা। কালো, গাঢ় মেরুনের পাশাপাশি কালো-হলুদের মিশ্রণ, বেগুনি, হলদে সবুজাভ রঙের চামড়ার জ্যাকেট চলছে বেশি। হাইনেক ও হুডি জ্যাকেটে নজর কাড়তে বাড়তি পকেট যুক্ত করা হয়েছে। দুই স্তরবিশিষ্ট চামড়ার জ্যাকেটও কিনছেন অনেকে। অফিস মানেই স্যুট-কোট পরতে হবে, তা নয়। ফুলহাতা শার্ট-টাই সঙ্গে সোয়েটারও পরতে পারেন। এসব সোয়েটারের গলা প্রশস্ত হতে হবে। সে ক্ষেত্রে আপনি চাইলে ভি-আকৃতির ডিজাইন করা সোয়েটার পরতে পারবেন। সোয়েটার যেকোনো গড়নের ছেলেমেয়ে পরতে পারেন। তবে ব্লেজার বা কোট পরার সময় শরীরের গঠন ও মুখের গড়ন বিবেচনা করা উচিত। উচ্চতা কম হলে স্ট্রাইপ ব্লেজার পরা ভালো। এক রঙের চেক ব্লেজার বেশি মানানসই যাঁদের উচ্চতা বেশি। যাঁরা মাঝারি গড়নের, তাঁরা যেকোনোটিই পরতে পারেন। শারীরিক গঠন মোটা হলে এক বোতাম, চিকন ও মাঝারি গড়ন হলে দুই-তিন বোতাম দিয়ে ব্লেজার পরলে ভালো দেখাবে। এক বোতামের ব্লেজার মেয়েদের বেশি মানায়। এভাবেই এ বছর শীতপোশাকের ধরন নিয়ে জানালেন তানজীম হক। এক্সট্যাসির শীতের এসব পোশাকের দাম পড়বে ৮৫০-৫০০০ টাকা পর্যন্ত। ওয়েস্টকসের বসুন্ধরা সিটি শাখার সেলস অ্যাসোসিয়েটস সাহেরা আকতার বলেন, তরুণেরা ফ্যাশনেবল সোয়েটারের দিকেই ঝুঁকেছেন। দৈর্ঘ্যে হাঁটুর ওপর পর্যন্ত এমন সোয়েটার মেয়েদের কাছে এবার জনপ্রিয়। হাইনেক, ফোল্ডিং ধরনের সোয়েটারও ব্যবহার করছেন অনেকে। এতে মাফলারের কাজ হয়। কোনো কোনো সোয়েটার আবার বড় গলার। ফুলহাতার পাশাপাশি খাটো হাতার সোয়েটারও চলছে। কালো, সাদা, চাপা সাদা, ছাই, ধূসর ছাড়াও হলদে সবুজ, লাল, গোলাপি, নীল ইত্যাদি বিভিন্ন রঙের স্ট্রাইপ দেওয়া সোয়েটার প্রাধান্য পেয়েছে। প্যান্ট বা টি-শার্টের সঙ্গে মিলিয়ে বা বিপরীত রঙের সোয়েটার অনেকে পরছেন। পাশাপাশি লম্বা কোটের ব্যবহারও বেড়েছে। ছেলেদের শীত পোশাকের মধ্যে হুডি, ব্লেজার, জ্যাকেটের চাহিদা বেশি। দুই বোতামবিশিষ্ট ব্লেজার দেখা যায়। এখানে মেয়েদের শীতপোশাক পাবেন ৪৫০-৯৫০ টাকায়। আর ছেলেদের শীতের পোশাকের দাম পড়বে ১২০০-৮০০০ টাকার মধ্যে।এ ছাড়া ঢাকার বসুন্ধরা সিটির ডোরস, ইয়েলোতেও বিভিন্ন ধরনের শীতপোশাক পাবেন।এসবের বাইরে কম দামে শীতের ফ্যাশনেবল পোশাক কিনতে পারেন ঢাকার বদরুদ্দোজা সুপার মার্কেট ও বঙ্গবাজার থেকে। নানা বয়সের মানুষের শীতপোশাকের সম্ভার সেখানে। সব ধরনের সোয়েটার, ব্লেজার ও কোট পাবেন আপনি। কথা হয় বদরুদ্দোজা মার্কেটের দোকানি ইমরুলের সঙ্গে। তিনি জানান, গত কয়েক দিনে বিক্রি বেড়েছে। হাতায়-গলায় কুচি দেওয়া, ভাঁজ করা সোয়েটার চলছে। কোমরে বেল্ট রয়েছে এমন সোয়েটার কম বয়সী মেয়েরা কিনছেন। টি-শার্টের মতো সোয়েটার, ওভার কোট, ব্লেজারের চাহিদা রয়েছে। পাতলা কাপড়ের সোয়েটার চলছে বেশ। অল্প শীতে এ ধরনের পাতলা সোয়েটার আরামদায়ক। এসব সোয়েটার স্কিনি জিনস ছাড়াও সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়। শাড়ির সঙ্গে পরার জন্য ব্লাউজ কাটের ব্লেজার পাওয়া যাচ্ছে। ছেলেদের শীতের পোশাকে চামড়ার জ্যাকেটের চাহিদা বেশি। এর বাইরে প্যারাসুট কাপড়ের জ্যাকেট, ব্লেজার কিনছেন কেউ কেউ। এ ছাড়া অন্যান্য কাপড়ের জ্যাকেট, ব্লেজারও পাবেন এখানে।একটু ঘুরে ও দরদাম করে কিনলে ২০০-২৫০০ টাকায় আপনার পছন্দের শীতের ফ্যাশনেবল পোশাকটি কিনতে পারবেন।