শীতের পোশাকের বাজার
পোশাকের বাজার মানেই এখন শীতের কাপড়ে ঠাসা। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা মেলে নানা ধরনের শীত নিবারণসামগ্রীর। আর শপিংমলের তুলনায় বঙ্গবাজার, বদরুদ্দোজা সুপার মার্কেট, নিউমার্কেটের মতো জায়গায় পোশাকের দামটাও অনেক কম। সে কারণে শীতের পোশাক কিনতে ভিড় বেশ জমে উঠেছে।‘সবখানে তো আর দরদাম করার সুযোগ থাকে না। তা ছাড়া অনেক পোশাকের ভেতর থেকে নিজের পছন্দের পোশাকটা বেছে নিতেই এখানে আসা।’ বলছিলেন রাজধানীর বঙ্গবাজারে শীতের পোশাক কিনতে আসা আয়েশা সিদ্দিকা। রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে, সব বয়সীদের জন্যই রয়েছে নানা ধরনের শীতের পোশাক। মেয়েদের জন্য সোয়েটারগত কয়েক বছরে শাল বেশ চললেও এবার সোয়েটারে বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে। মেয়েদের শীতের পোশাকে এবার এসেছে নতুনত্ব। এসব সোয়েটার অনেকটা টপসের মতো লম্বা। মোটা উলের পাশাপাশি আছে পাতলা উলের এসব সোয়েটার। রং ও কাটছাঁটে আছে বাহারি ভাব। নূরজাহান সুপার মার্কেটের দোকানি আলতাফউদ্দিন বলেন, ‘এবার মেয়েদের শীতের পোশাকের মধ্যে একটু লম্বা (হাঁটুর ওপর পর্যন্ত) সোয়েটার চলছে বেশি। তার সঙ্গে মিলিয়ে অনেকে জিনস কিনছেন।’তা ছাড়া কনুই পর্যন্ত হাতাওয়ালা, সামনে বোতাম বা চেইন দেওয়া সোয়েটারও কিনছেন অনেকে। আছে হুডি দেওয়া সোয়েটার। হুডিতে আবার অনেকে সুতি বা গেঞ্জির কাপড় পছন্দ করছেন। ছেলেদের শীতের পোশাকছেলেদের পোশাকের বাজারও বেশ বৈচিত্র্যময়। নানা ধরনের সোয়েটারের মধ্যে মিলবে হাতাকাটা পাতলা সোয়েটার, উলের মোটা সোয়েটার, আছে নানা ধরনের জ্যাকেট ও কোট। এক রঙের বা নানা রঙের পাতলা-মোটা দুই ধরনের হুডিওয়ালা সোয়েটার আছে এখানে। বড় বোতাম বা মোটা জিপারের জ্যাকেটও আছে। লম্বা গলার সোয়েটারের সঙ্গে আছে খাটো হাতাওয়ালা সোয়েটার। কোনোটিতে আবার গলার কাছে অতিরিক্ত কাপড় পেঁচিয়ে ভিন্ন ঢং আনা হয়েছে। সবার জন্য শালএসব বাজারে মিলবে নানা ধরনের শাল। দেশি-বিদেশি এসব শালের মধ্যে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা নকশা। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী তরিকুল মিয়া বলেন, ‘ছেলেরা এক রঙের সাদামাটা শালই বেশি পছন্দ করেন। কেউ কেউ আবার নানা ধরনের কবিতা বা উক্তি লেখা শাল নেন। কিন্তু মেয়েরা পছন্দ করেন ফুল, পাখির নকশা বা বিভিন্ন রঙের সুতায় নকশা করা শাল।’বয়স্কদের জন্যও আছে শালের সংগ্রহ। মাফলার বা স্কার্ফকি ছেলে কি মেয়ে সবার জন্যই আছে মাফলার বা স্কার্ফ। চিকন মাফলার দুই ভাঁজে গলার সঙ্গে টাইয়ের মতো বেঁধে নিতে পারেন। এ ছাড়া ছেলে বা মেয়ে সবার জন্যই আছে নানা ধরনের স্কার্ফ। মাথা ঢাকতে টুপিনানা ধরনের টুপি আছে বাজারে। ছোট-বড় সবাই পরতে পারবে এসব টুপি। এর মধ্যে শুধু মাথা ঢাকতে আছে শর্ট টুপি। আর মাথার সঙ্গে কান ঢাকতে চাইলে কিনতে পারেন আরেকটু লম্বা টুপি। ছোট বাচ্চাদের জন্য শুধু মুখ বের করে রেখে আর সম্পূর্ণ ঢেকে ফেলতে পারেন টুপিতে। সোনামণিদের জন্য কিনতে পারেন মাথার ওপরে খেলনা ফুল বা বিড়াল ঝোলানো টুপি। হাত-মোজা, পা-মোজাএসব বাজারে আরও মিলবে শীতের মোজা। আছে হাত-মোজাও। পুরো হাত ঢাকা মোজার সঙ্গে শুধু হাতের তালু ঢাকা পড়বে এমন মোজাও আছে।দরদামনগরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা যায়, মেয়েদের বিভিন্ন সোয়েটারের দাম পড়বে ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত। ছেলেদের সোয়েটার বা জ্যাকেটের দাম পড়বে ২০০ থেকে দুই হাজার ৪০০ টাকা পর্যন্ত, নানা ধরনের শালের দাম পড়বে ২০০ থেকে তিন হাজার টাকা, মাফলার বা স্কার্ফ পড়বে ৮০ থেকে ২৫০ টাকা, টুপি কিনতে পারেন ৪০ থেকে ১২০ টাকা এবং মোজার দাম পড়বে ২০ থেকে ১০০ টাকা। যেখানে কিনবেন রাজধানীর বঙ্গবাজার, গুলিস্তান, হকার্স মার্কেট, নিউ সুপার মার্কেট, নূরজাহান শপিং কমপ্লেক্স, চন্দ্রিমা সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সসহ নগরের বিভিন্ন এলাকার বড় বড় শপিংমলের পাশে।