শীতের প্রস্তুতি
‘গত সপ্তাহ থেকেই আবহাওয়া যেন জানান দিচ্ছে শীত আসছে। আর এ সময়টার আয়োজন যেহেতু অন্যান্য ঋতুর চেয়ে একটু ভিন্ন, এ জন্য ঘরবাড়িতে নেওয়া প্রয়োজন বাড়তি প্রস্তুতি।’ শীতের প্রস্তুতি সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া।জেনে নিন ছোট শিশুদের শীতের কাপড় অনেক সময় গত বছরেরটা পরের বছর গায়ে লাগে না, আবার কখনো কখনো সোয়েটারের সুতা খুলে গেলে ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। তাই প্রয়োজন বাড়তি সতর্কতা। দেখে নিন নতুন শীত পোশাক কিনতে হবে কি না অথবা পুরোনো পোশাকগুলো ঠিকঠাক করে নেওয়ার প্রয়োজন আছে কি না। শীতের এ সময়টাতে সোয়েটার, শাল, জ্যাকেট, লেপ, কম্বল ব্যবহার করা হয়, তাই এগুলো রাখার জন্য প্রথমেই নির্দিষ্ট স্থান নির্বাচন করে নিতে হবে। শীতের পোশাক কিংবা লেপ, কাঁথা ব্যবহারের আগে অবশ্যই কড়া রোদে শুকিয়ে নিতে হবে। যেখানেই শীতের কাপড়চোপড় রাখা হোক, তাতে ন্যাপথলিন ব্যবহার করা ভালো। অবশ্যই নির্দিষ্ট স্থানে যেমন আলমারিতে রাখার সময় গুছিয়ে রাখতে হবে। ছেলেদের জ্যাকেট, ব্লেজার এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে।অনেক সময় তুলে রাখা কাপড়ে ফাঙ্গাস পড়ে; তাই উল, ফ্লানেলের কাপড়ও রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো। লেপ, কম্বল, কাঁথা—শীতের এসব প্রয়োজনীয় সামগ্রী দীর্ঘদিন ব্যবহার না করার কারণে পোকামাকড়ের আক্রমণে ছিদ্র হয়ে যায়, তাই অবশ্যই ব্যবহারের আগে রিপু করে নিতে হবে। লেপ, কম্বল এসবের ওপর কাপড়ের ঢাকনা ব্যবহার করা ভালো। যেহেতু শীত প্রায় চলেই এসেছে, তাই এসব কাপড়ের ঢাকনাগুলো এখনই ভালোভাবে পরিষ্কার করে ব্যবহার করতে হবে। অনেক সময় শালের ভাঁজে ভাঁজে হলুদ দাগ পড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। তাই শাল ড্রাইওয়াশ করে রাখতে হবে। ব্লেজার ব্যবহারের ক্ষেত্রে সব সময় মৃদু রোদে দিয়ে ব্রাশ করে ব্যবহার করা ভালো। কখনোই কড়া রোদে ব্লেজার দেওয়া যাবে না। ঘরের জানালার কোনো শার্সি কিংবা কাচ ভেঙে নষ্ট হয়ে গেলে তা দ্রুত সারিয়ে নিতে হবে। ঘরের উত্তর দিকের জানালা কম খুললে ঠান্ডা বাতাস ঘরের ভেতর তেমন ঢুকতে পারে না। শীত আসার আগেই বাড়ির ওয়াটার হিটার, গিজার এসব যন্ত্র ঠিক আছে কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। শীত আসার আগেই সোফার কভার, ভারী পর্দা এগুলো ধুয়ে রাখা ভালো। ঘরের মেঝে যেহেতু এ সময় ঠান্ডা থাকে, তাই ছোট বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে, এ জন্য ঘরের মেঝেতে ব্যবহার করতে পারেন শতরঞ্জি কিংবা ফ্লোরম্যাট। শীতের উষ্ণতা পেতে ঘরে পর্যাপ্ত রোদ আসার ব্যবস্থা করতে হবে। মাফলার, কানটুপি, সোয়েটার, জ্যাকেট, হাত ও পায়ের মোজা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে এবং এগুলো সব সময় হাতের নাগালেই রাখতে হবে। শীতের কাপড় ব্যবহারের সঙ্গে সঙ্গেই আলমারিতে তুলে রাখা যাবে না, একটু বাইরে রেখে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে। এ সময়টাতে হাত-পায়ের বিশেষ যত্নের প্রয়োজন হয়। তাই লোশন, ময়েশ্চারাইজার এসব শীতকালের জরুরি জিনিসপত্র আগে থেকেই বাজার থেকে এনে রাখতে হবে। লিকুইড গ্লিসারিন ব্যবহারের সময় পানিতে মিশিয়ে ব্যবহার করা ভালো।