শীতের প্রস্তুতি এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত পোশাকগুলো বের করে রোদে দিন এখনই, মডেল: আলিশা, ছবি: নকশা
শীত পোশাকগুলো বের করে রোদে দিন এখনই, মডেল: আলিশা, ছবি: নকশা

দিনে রোদ আর ভোররাতের দিকে হিম হিম বাতাস। অগ্রহায়ণেই জানা যাচ্ছে শীতের আগমনী বার্তা। গরম কাপড় বা লেপ-কম্বল ব্যবহারের প্রয়োজন এখনই হয়তো পড়ছে না। তবু সেসব নামিয়ে গোছগাছ করে নেওয়ার এই তো সময়। শীতের প্রস্তুতি নিয়ে নানা পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া।

লেপ-কম্বল
তুলে রাখা লেপ, কম্বল, কাঁথা—এগুলো এখনই কড়া রোদে দিতে হবে। রোদ থেকে আনার পর এগুলো রাখার জন্য আলমারিতে একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করে রাখতে হবে।
 বাড়ির ছোট ছেলেমেয়েদের গত বছরের কম্বলটা হয়তো পুরোনো হয়ে গেছে, কিংবা ছোট মনে হচ্ছে। অথবা পরিবারে যোগ হয়েছেন কোনো নতুন সদস্য। লেপ, কাঁথা, কম্বল যথেষ্ট পরিমাণে না থাকলে কিনে নিতে হবে এখনই।
 লেপ রোদে দেওয়ার পর অবশ্যই রোল করে ভাঁজ করে রাখতে হবে।
 কম্বলের কভার, লেপের কভার—এগুলো ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে।
 কম্বল রোদে দেওয়ার পর ঝাড়লে এর লোমগুলো যেন উঠে না যায়, সে জন্য নরম ব্রাশ ব্যবহার করতে হবে।
 অনেক দিন তুলে রাখা হলে লেপ বা কম্বলে পোকা ধরতে পারে। প্রয়োজনমতো ঠিক করিয়ে নিন বা নতুন কিনে নিন।

শীত পোশাক

সোয়েটার, শাল, চাদর, জ্যাকেট ইত্যাদি পোশাক ভালো করে ধুয়ে অবশ্যই কড়া রোদে শুকিয়ে রাখতে হবে। রোদ থেকে তোলার পর ভালোভাবে ঝেড়ে রাখতে হবে শীত পোশাকগুলো।
 সোয়েটার, শাল, চাদর—এগুলো পুরোনো হয়ে গেলে প্রয়োজনে এখনই কিনে নিতে পারেন।
 ভোরে কিংবা সকালে ঘর থেকে বেরোনোর সময় সুতির পাতলা হালকা ফ্যাশনেবল শালগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো কেনা না থাকলে এখনই কিনে নিতে হবে।
 যেখানে এ পোশাকগুলো রাখা হবে সেখানে এয়ার ফ্রেশনার, ন্যাপথলিন এগুলো ব্যবহার করা যেতে পারে। এতে পোকার সংক্রমণ হবে না। আবার পোশাকগুলো থেকে সুন্দর ঘ্রাণ আসবে।
 অনেক দিন ধরে তুলে রাখা শাল ব্যবহার না করলে হলদেটে দাগ পড়ে যায়। এমন হলে শালটি ড্রাইওয়াশ করিয়ে নিতে হবে।
 উল বা ফ্লানেলের যেকোনো কাপড় ব্যবহারের আগে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।
 বাচ্চাদের কানটুপি, হাতমোজা, পায়ের মোজা এখনই কিনে রাখুন। হঠাৎ করেই শীত নেমে গেলে তারা যাতে কষ্ট না পায়।
 ছেলেদের কোট, ব্লেজার ব্যবহারের আগে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে রোদে শুকাতে হবে। রোদ থেকে আনার পর এগুলো হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে।
 মাফলার, কানটুপি, হাত মোজা, পা মোজা সব সময় হাতের নাগালেই রাখতে হবে। আগের বছর কেনা থাকলেও দেখে নিন সেগুলো ছিঁড়ে বা ফুটো হয়ে গেছে কি না। তাহলে নতুন কিনে নিতে হবে।
 ঘরের মেঝে যেহেতু এ সময় ঠান্ডা থাকে, তাই মেঝেতে ব্যবহার করতে পারেন কার্পেট, শতরঞ্জি কিংবা ফ্লোর ম্যাট।
 এ সময়টাতে ঘরের জানালায় ব্যবহার করতে পারেন ভারী জানালার পর্দা।
 ঘরের জানালার কোনো শার্সি কিংবা কাচ ভেঙে নষ্ট হয়ে গেলে তা এখনই সারিয়ে নিতে হবে।
 শীতে ব্যবহার্য সামগ্রী; যেমন ওয়াটার হিটার, গিজার, ইলেকট্রিক শাওয়ার, রুম হিটার—এগুলো ঠিক আছে কি না এখন থেকেই সেদিকে খেয়াল করতে হবে।
 শীতে উষ্ণতা পেতে ঘরে পর্যাপ্ত রোদ আসার ব্যবস্থা করতে হবে।