
হিম ঠান্ডায় শুধু লেপ-কম্বলে যেন কাজ হচ্ছেনা। চাই বাড়তি উষ্ণতা।
শীতে ওম পেতে আপনি সাহায্য নিতে পারেন বিভিন্ন ধরনের যন্ত্রপাতির।
আপনার ঘর গরম রাখার জন্য ব্যবহার করতে পারেন রুম হিটার, উষ্ণ পানিতে গোসল করতে চাইলে বাথরুমে লাগিয়ে নিন গিজার, বৈদ্যুতিক শাওয়ার, ওয়াটার হিটার। কম্বলের ভেতরটা গরম রাখার জন্য কাজে দেবে থারমাল আন্ডার ব্ল্যাংকেট, পায়ের পাতা গরম রাখার কাজে আসবে ফুট ওয়ারমার, কোমরে কিংবা পিঠে ঠান্ডা লাগলে সে স্থানে তাপ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন হিটিং প্যাড, ম্যাগনেটিক হিটিং প্যাড।
পানি, চা, কফি গরম রাখার জন্য আছে ওয়াটার হিটার, ইলেকট্রিক কেটলি, ভ্যাকুয়াম জগ, ভ্যাকুয়াম ফ্লাস্ক।
ভাত, পোলাও, খিচুড়ি এগুলো গরম গরম পরিবেশনের জন্য কিনে নিন রাইস কুকার।
ঢাকা শহরের বিভিন্ন বাজারের বিক্রেতারা জানান, শীতের এই সময়টাতে গিজার, রুম হিটার, বৈদ্যুতিক হোম শাওয়ার, ওয়াটার হিটার এগুলো বেশি বিক্রি হচ্ছে।
দরদাম
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্টে মোস্তফা মার্টে আপনি পাবেন থারমাল আন্ডার ব্ল্যাংকেট, যার দাম পড়বে ২৯৪০ (সিঙ্গল) থেকে ৬২৩০ টাকা (ডাবল), হিটিং প্যাড ৩০৮০ থেকে ৩৬৪০ টাকা, ম্যাগনেটিক হিটিং প্যাড ৩৯২০ টাকা, ফুট ওয়ারমার ৪১৩০ টাকা, অ্যারোমেটিক হিটিং প্যাড ৪৪৮০ টাকা।
এ ছাড়া ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভিন্ন ভিন্ন আকারের ওপর নির্ভর করে শীতে ব্যবহার করা এসব যন্ত্রপাতির দাম। রুম হিটারের দাম ১৩০০ থেকে ৪৫০০ টাকা, বৈদ্যুতিক হোম শাওয়ার ১১০০০ থেকে ১৪০০০ টাকা, ওয়াটার হিটারের দাম ১৫০ থেকে ৫৫০ টাকা, রাইস কুকারের দাম ৩০০০ থেকে ৬০০০ টাকা, ইলেকট্রিক ভ্যাকুয়াম জগের দাম ৩০০০ থেকে ৫০০০ টাকা, ইলেকট্রিক কেতলির দাম ২০০০ থেকে ৩০০০ টাকা, ভ্যাকুয়াম ফ্লাস্কের দাম ৩৫০ থেকে ৮০০ টাকা।
গিজারের দাম নির্ধারণ করা হয় লিটার অনুযায়ী। সাধারণত ১০ লিটার, ১৫ লিটার, ২০ লিটারের গিজার পাওয়া যায় বাজারে। লিটার অনুযায়ী দাম পড়বে ৪০০০ থেকে ৯০০০ টাকা।
কোথায় পাবেন
শীতে ব্যবহার করা এসব যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে ঢাকা শহরের বসুন্ধরা সিটি শপিং মল (লেভেল-১), মিরপুর ১০, এলিফ্যান্ট রোডের স্যানিটারি কিংবা টাইলসের শোরুমগুলোতে, মৌচাক মার্কেট, নিউমার্কেট, বিভিন্ন ইলেকট্রনিকসের ব্র্যান্ডের শোরুমগুলোতে।