শীতের রাতে জমকালো সাজপোশাকে

জমকালো, নিরীক্ষাধর্মী কাট আর কাজ—শীতের পোশাক রহস্যময় হয়ে ওঠে এসবের মাধ্যমেই। পাশাপাশি গয়নার খেলা তো আছেই। শাড়ি, কামিজ কিংবা গাউন— শীত জমাতে সব ধরনের পোশাকে দেখা যাচ্ছে নকশার নানা বৈচিত্র্য। শীতের রাতে যেকোনো অনুষ্ঠানে বা দাওয়াতে এসব পোশাক মানিয়ে যাবে নির্দ্বিধায়।

কালো রঙের কামিজে কাট আর কাজের মিশেল লক্ষণীয়। কামিজের ওপরের অংশে লাল ও কমলা রঙের কাজ। আনারকলি কাটের কামিজটি বানানো হয়েছে ক্যান্ডি সিল্ক আর মসলিনের কাপড় দিয়ে। কারচুপি কাজ, টার্সেলের ব্যবহার সীমিত হলেও বেশ নজর কাড়ছে। হাতার শেষ দিকে ছাপা নকশার চান্দি সিল্ক কাপড় লাগানো হয়েছে। ধাতব কানের দুলের ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া। লম্বা ঝুলটা বানানো হয়েছে বিডসের মাধ্যমে।
পোশাক: হুমায়রা খান

জামদানির কাজের ভাষাই মায়ায় ভরা। এই কাজ প্রিয় সবার। দিন, রাত, যেকোনো অনুষ্ঠান কিংবা উৎসব এই একটি নকশা যা মানিয়ে যায় সবখানেই, সব বয়সে। শীতে রাতের দাওয়াতে জমকালো সোনালিরঙা জামদানির কাজ মুগ্ধ করবেই। গয়নায় আনতে পারেন নাটকীয়তা। এবড়োখেবড়ো (আনকাট) পাথরের লহরির সঙ্গে বড় লকেট লাগানো। লকেটটি মিনা করা। তার সঙ্গে পাথর সেট করা।
শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
কালো রঙের মসলিনের শাড়ির পাড়ে ভারী কাজ। ভিন্নতা নিয়ে এসেছে খাটো জ্যাকেটটি। নানা রঙের সুতার কাজ ফুটিয়ে তুলেছে অভিজাত ভাব। যেকোনো ধরনের পোশাকের সঙ্গেই যে জ্যাকেট বহন করা যাবে, এটা তারই একটি চমৎকার উদাহরণ। তবে জানতে হবে সঠিক ব্যবহার। রুপার কানের দুলটির ওপর দুই ধরনের কাজ আছে। নিচের সাদা অংশটি মিনা করা। ওপরের নীলাভ অংশটি কিউবিক জারকনিয়া পাথর দিয়ে সেট করা।
পোশাক: শাড়ি ক্লাব

পেস্টাল সবুজ রঙের পোশাকটিতে কাজ আর কাট এসেছে জমকালোভাবে। ডুপিয়ান সিল্কের খাটো জ্যাকেটের ওপর হাতের এমব্রয়ডারির কাজ। ফুলেল কাজ এই শীতে ছেয়ে যাবে পোশাকে পোশাকে, জানালেন ডিজাইনার শাহরুখ আমিন। পোশাকটিতে লেয়ারের ব্যবহার লক্ষণীয়। জ্যাকেটের ঠিক নিচেই ফ্রিলের কাজ নিয়ে এসেছে বাড়তি নাটকীয়তা। কোমরে সোনালি কাজের বেল্ট। কানের দুলটি ন্যাচারাল পাথরের ওপর মোম দিয়ে পলিশ করা।
পোশাক: আলমিরা

বাঙালি গার্ল মিষ্টি
অভিনয়ের ওপর উচ্চতর পড়াশোনা শেষ করে মিষ্টি রহমান এখন পুরোদস্তুর মডেল। বাংলাদেশে নয়, মিষ্টির কাজের ক্ষেত্র অস্ট্রেলিয়া। সেখানেই ফ্যাশনজগতে একটু একটু করে এগোচ্ছেন বাংলাদেশের এই মেয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এখন স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের তারকা উদ্যোক্তা ক্লোয়ে কারডাশিয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড দ্য গুড আমেরিকান-এর হয়ে।
সিডনির ফ্যাশন ও মডেলিংয়ের জগতে সবাই তাঁকে চেনে ‘বাঙালি গার্ল’ নামে। অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন মিষ্টি রহমান। ঘুরে বেড়াচ্ছেন ঢাকা শহর। গেছেন নিজের গ্রামের বাড়ি ভোলাতেও। মিষ্টির চোখ দিয়ে এই বাংলাদেশ সফর দেখছেন তাঁর ইনস্টাগ্রামের সাড়ে ৪ লাখ অনুসারীও। মিষ্টি বললেন, ‘বাংলাদেশে এসে যেখানে যেখানে গেছি, যেসব কাজ করেছি, সেসবের সব ছবি ও ভিডিও দিয়েছি ইনস্টাগ্রামে। সেগুলো দেখেছেন আমার অনুসারীরা।’
পোশাক: আলমিরা
সাজ: অরা বিউটি লাউঞ্জ
গয়না: কনক
স্থান কৃতজ্ঞতা: ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা
ছবি: কবির হোসেন