শীতের শুরুতে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুকিয়ে গেছে ঝিরি-ঝরনা। ঝরনার পাড়ে কুয়া খনন করে দুই নারী সংগ্রহ করছেন খাওয়ার পানি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জোড়াব্রিজ এলাকায় খাওয়ার পানির তীব্র সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী l প্রথম আলো
শুকিয়ে গেছে ঝিরি-ঝরনা। ঝরনার পাড়ে কুয়া খনন করে দুই নারী সংগ্রহ করছেন খাওয়ার পানি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জোড়াব্রিজ এলাকায় খাওয়ার পানির তীব্র সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালার জোড়াব্রিজ এলাকায় শুষ্ক মৌসুমে ঝিরি-ঝরনা শুকিয়ে যাওয়ায় পানিসংকট দেখা দেয়। ফলে এই এলাকার শতাধিক পরিবার এই সময় পানির সংকটে পড়ে। খাওয়ার পানি সংগ্রহ করতে বেগ পেতে হয় এলাকার বাসিন্দাদের।

উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে জোড়াব্রিজ এলাকার অবস্থান। ১১ ডিসেম্বর ওই এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক থেকে কয়েক শ গজ দূরে ছড়ার পাড়ে খনন করা কুয়া থেকে পানি সংগ্রহ করছেন দুই নারী আলো রানী চাকমা ও পিরিকা চাকমা। তাঁরা জানান, জোড়াব্রিজ এলাকার শতাধিক পরিবার এখন পানির সমস্যা নিয়ে কষ্টে আছে। এলাকার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পান করার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। তাঁরা আরও জানান, ছড়ার পাড়ের কুয়া থেকে এখন অল্প পানি পাওয়া গেলেও আর কিছুদিন পর তা–ও পাওয়া যাবে না। তখন পানি আনতে হবে দুই কিলোমিটার দূর থেকে।

জোড়াব্রিজ এলাকার বাসিন্দা ইতি চাকমা ও প্রীতি কুসুম চাকমা জানান, কেবল শুষ্ক মৌসুমে নয়, বর্ষায়ও তাঁদের পানির কষ্ট ভোগ করতে হয়। বর্ষায় ছড়ায় ঢলের পানি নামে। তখন ছড়ার পানিতে প্রচুর ময়লা-আবর্জনা থাকে। তাই বর্ষাকালে তাঁরা এক কিলোমিটার দূর থেকে পাহাড়ের নিচে গর্ত খুঁড়ে সেখান থেকে পানি সংগ্রহ করেন। আর ফাল্গুন চৈত্র মাসে ছড়ার পানি পুরোপুরি শুকিয়ে গেলে পানির কষ্ট আরও বাড়ে।

জোড়াব্রিজ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি চাকমা জানান, বিদ্যালয়ে ১৯৬ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা সবাই বিদ্যালয়ের সামনে হাজাছড়া জোড়াব্রিজ ছড়ার পাড়ের কুয়া থেকে পানি সংগ্রহ করে এনে পান করে। বিদ্যালয়ে সামনে একটি রিং টিউবওয়েল থাকলেও পানি খুবই গন্ধ যুক্ত বলে পানের অযোগ্য।

হাজাছড়া জোড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অমিয় কান্তি চাকমা বলেন, ‘জোড়াব্রিজ এলাকার পানির কষ্ট দেখছি কয়েক যুগ ধরে। বাপ–দাদার মুখে পানির কষ্টের কথা শুনেছি। এখন নিজেরা কষ্ট ভোগ করছি। এলাকায় নলকূপ স্থাপনের অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু পাথরের কারণে নলকূপ স্থাপন করা সম্ভব হয় না।’

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দীঘিনালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার বলেন, জোড়াব্রিজ এলাকায় বহুবার নলকূপ স্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু মাটির নিচে পাথর থাকায় সেখানে নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। হাজাছড়া এলাকায় কীভাবে পানি সরবরাহ করা যায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।