শুরুতেই শীত জেঁকে বসেছে।দিনের তাপমাত্রা নেমে যাচ্ছে গড়িয়ে যাওয়া পানির মতো।তাপমাত্রা নেমে আসতে আসতে মাইনাস ২১-এ নেমেছে। শুরুতেই এতটা শীত, ভাবা যায় না। দিন কয়েক ধরে বাতাসে নেচে নেচে পেঁজা তুলার মতো একাধারে বরফ পড়ার ফলে গাছপালা, মাঠঘাট ও রাস্তা কয়েক মিটার পুরো সাদা বরফের নিচে তলিয়ে গেছে। আবহাওয়া দপ্তর থেকে এক নম্বর সংকেত দেওয়া ছিল। এক নম্বর অর্থাৎ প্রবল বরফবর্ষণ আর চলাচলে সমস্যা, ট্রেন, বাস, গাড়ি সবই প্রায় বন্ধ হয়ে যায়। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল, বড়দিনের শুরুতেই বরফবর্ষণ শুরু হবে। প্রকৃতি নিজ গতিতেই চলে বলে দিনটা ভালো গেল। বর্ষণ শুরু হলো রাত ১০টার পর। বরফবর্ষণে বৃষ্টির মতো শব্দ হয় না। হালকা তুলার মতো নীরবে বাতাসে দোল খেতে খেতে ভেসে আসে সাদা সাদা বরফ। ধীরে ধীরে ঢেকে দেয় সবকিছু।গত কয়েক দিনের জমে থাকা বরফের ওপর আবার নতুন করে শুরু হলো বরফবর্ষণ। প্রকৃতি এখন সবুজ বা ধূসর নয়, সাদা। হেমন্তের প্রাক্কালেই ঝরে গেছে গাছের পাতারা। পাতা ছাড়া গাছগুলো সরু, মোটা ও ঊর্ধ্বমুখী ডাল নিয়ে দাঁড়িয়ে ছিল, যেন বিশাল বিশাল ঝাঁটার উপুড় হয়ে থাকা। ন্যাড়া ডালগুলোতে শুয়ে আছে সাদা সাদা বরফ। মনে হয়, গাছজুড়ে সাদা ফুলের মেলা। বাড়ির কাছের বিশাল লেকের জলের ওপর বরফের আবরণ পড়ে গেছে। ধীরে ধীরে আবরণটি পুরু হবে। পুরু হবে কয়েক মিটার, তারপর জমে উঠবে স্কি খেলা। সকাল-দুপুর বরফের পুরো আবরণের ভেতর ছোট ছিদ্র করে গভীর জলে ছিপ ফেলে বসবে মাছ ধরার মেলা।শেষ রাতের দিকে ঘুমটা ভেঙে গেল।পার্শিয়ান দিয়ে ঢাকা কাচের জানালা দিয়ে শেষ রাতের চাঁদ মায়াবী আলো ফেলেছে ঘরে।দরজা খুলে বাইরে আসতে চাইলাম। বাইরে থেকে দরজা চেপে ধরেছে জমে থাকা বরফ। দরজা ঠেলে বাইরে এসে দাঁড়ালাম। চারদিক সাদা আর সাদা স্বপ্নের এক সাদা মরুভূমির ওপর দাঁড়িয়ে আছি যেন। বার্চগাছগুলো বরফের ভারে নুইয়ে পড়েছে। রোড ডেন্ড্রনগাছগুলো ঢেকে গেছে বরফে। ঝাউয়ের মাথায় বরফের স্তূপ। জোনাকিরা আর রাতে বের হয় না। আলো জ্বেলে আর আলো-আঁধারির সৃষ্টি করে না। চাঁদের আলো বরফের ওপর এসে ঠিকরে পড়েছে। হালকা বাতাসে ভেসে বেড়ানো বরফ ঝিকিমিকি করে ওঠে চাঁদের আলোয়। বার্চগাছের ফাঁক দিয়ে ভোরের সূর্য উঁকি দিচ্ছে। ভোরের হালকা রোদ শুভ্র বরফের ওপর প্রতিফলিত হয়ে সপ্তরঙের সূচনা করে। বরফের ওপর চার পায়ে হেঁটে চলা পায়ের ছাপ। ছাপগুলো একটু গভীর ও ছোট। বরফের ওপর দিয়ে এঁকেবেঁকে পায়ের ছাপগুলো চলে গেছে পাশের বনের ভেতরে। কৌতূহলেই পায়ের চিহ্ন ধরে এগিয়ে গেলাম। পায়ের চিহ্ন এঁকেবেঁকে চলে গেছে বনের ভেতরে। কিছু দূর গিয়েই ছোট একটা বাঁক নিয়েছে। বনের ভেতর হেমন্তে ঝরে পড়া গাছের পাতার স্তূপের ওপর বরফ জমে জমে পাহাড়ের রূপ নিয়েছে। বনের ভেতরটা তত ঠান্ডা নয়। হয়তো বাতাস নেই বলে নির্জন। পায়ের ছাপগুলো একটা ঢিবির নিচে গিয়ে শেষ হয়েছে। উঁকি দিয়ে দেখলাম, ভেতরে অন্ধকারে এক হরিণশাবক বরফবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে ঢিবির ভেতরে। হালকা বাতাসে বরফের কণাগুলো উড়ে বেড়াচ্ছে। একসময় উড়ন্ত বরফ ঢেকে দেবে চিহ্নগুলো।লিয়াকত হোসেনসুইডেন স্টকহোম থেকে[email protected]