শীতের সকালে ফুটবল ম্যাচ
সবে শীত পড়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় খুব সকালে আমার বয়সী কিছু ছাত্র ও দোকানের কর্মচারী মাঠে খেলতে আসে। আমার বাসা মাঠের পাশে হওয়ায় বন্ধুর ডাকে কোলবালিশের ওপর লেপ জড়িয়ে, গোপন দরজা দিয়ে বেরিয়ে মাঠে খেলতে যাই। কিন্তু মাঠে গিয়ে দেখি তা কুয়াশায় ঢাকা। ওরা ফুটবল ছাড়া কিছু আনেনি। কী আর করা, ফুটবলই খেলতে শুরু করলাম। যা হচ্ছিল তাকে ফুটবল না বলাই ভালো। কারণ, কুয়াশার জন্য কেউ তো কিছু দেখছি না, বল পায়ে থাক আর না থাক, শুধু দৌড়াদৌড়ি করছি। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কেউ গোল পেলাম না। একসময় আমি গোলপোস্টের সামনে আছি, কোথা থেকে জানি আমার দিকে বল আসছে। আমি বলটা গোলের দিকে মারলাম। যদিও বলটি গোলবারের ধারকাছ দিয়ে যায়নি। কুয়াশার কারণে গোলরক্ষক তা বুঝতেও পারেনি। আমি সুযোগ পেয়ে গোল গোল বলে চিৎকার করে সতীর্থদের জড়িয়ে ধরলাম। এরপর গোলরক্ষককে বলতে শুনলাম, কুয়াশা না থাকলে সে ঠিকই এ বল আটকাতে পারত। এই গোলে (শুধু আমি জানি কী হয়েছে) আমরা জিতলাম শীতের সকালের ফুটবল ম্যাচ। থানাপাড়া, লালমনিরহাট।