রাউজানে হয়ে গেল ‘সুর লহরি’ শিরোনামের অনন্য শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। এতে সুরের মায়াজালে শ্রোতাদের বন্দী করেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন বরেণ্য তবলাগুরু পণ্ডিত বিজন চৌধুরী। ঠাকুর অনুকূলচন্দ্রের ১২৩তম জন্ম-মহোৎসব উপলক্ষে সৎসঙ্গকেন্দ্র ৭ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করে।সকাল ছয়টা ৩৭ মিনিটে প্রাতকালীন বিনতি ও নামজপের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাড়ে সাতটায় শিল্পী স্বর্ণময় চক্রবর্তী বিলম্বিত একতাল ও ত্রিতালে পরিবেশন করেন রাগ ভৈরব। এরপর শোনান ঝাঁপতালে ভৈরবী রাগে ভজন। দরবার ছেড়ে শাস্ত্রীয় সংগীতের সুর গ্রামীণ মেঠোপথে সুরের ফোয়ারা ছড়াচ্ছে তখন। শীতের সকালে রাগ ভৈরবের আবাহন অন্য রকম ভালো লাগা তৈরি করেছিল উপস্থিত শ্রোতাদের মনে। স্বর্ণময় চক্রবর্তী যখন ‘জাগো মোহন পেয়ারি’ বলে তারাসপ্তকে নোট লাগাচ্ছিলেন, তখন বিজন চৌধুরী মত্ত অসাধারণ সংগতে—দুয়ে মিলে সৃষ্টি হয়েছিল সুরের অপূর্ব মায়াজাল। তানপুরায় রবিন চৌধুরী ও হারমোনিয়ামে লিটন দাশ ভালো বাজিয়েছেন।দিনব্যাপী অনুষ্ঠানে আরও ছিল শিশু-কিশোরদের বাণী লিখন ও ভক্তিগীতি প্রতিযোগিতা ‘কলকাকলি’, ‘আদর্শ পরিবার গঠনে মায়েদের ভূমিকা’ শীর্ষক মাতৃসম্মেলন, মৃণাল কান্তি দাশের কীর্তন, ধর্মসভা ও গীতিনাট্য প্রাণের ঠাকুর।শিল্পকলা একাডেমীর প্রযোজনা ‘শপথ’নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪ জানুয়ারি মঞ্চস্থ হলো একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের প্রযোজনা শপথ। আবদুল্লাহ আল-মামুনের এ নাটকে নির্দেশনা দিয়েছেন আরিফ হায়দার।যুগ যুগ ধরে পৃথিবীতে চলে আসা মানুষের ক্ষমতার মোহ, সাম্রাজ্যবাদী যুদ্ধ-বিগ্রহ-লড়াই এবং শান্তির শপথ নিয়ে গড়ে উঠেছে এ নাটকের কাহিনি।নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আপেল আরিফ, ফরহাদ জামান, মোমেনা চৌধুরী, তারেকুল ইসলাম, মিঠু গুহ, রফিক উল্যাহ, চৈতালী সমদ্দার, ফিরোজ আল মামুন, মো. জাহিদ হোসেন, মুনতাহা মিথিলা, সুইট হাসান প্রমুখ।নাটকটি উপভোগ করেছেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘এ নাটকের অভিনেতা-অভিনেত্রীরা সচেষ্ট ছিলেন নিজ নিজ চরিত্র ফুটিয়ে তুলতে।’