শীতের সন্ধ্যায় কবিতার উষ্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে হিমেল হাওয়া। মিলনায়তনের ভেতরে ঢুকতেই উধাও হিমহিম ভাব, কবিতার উষ্ণতায়। মঞ্চজুড়ে কবিগুরুর বিভিন্ন বয়সের ছবি, ছবির মায়ায় মন কাড়ে সবুজের স্নিগ্ধতা। এমনই সময় শুরু হয় বোধন আবৃত্তি পরিষদের কবিতাসন্ধ্যা ‘নানা রবীন্দ্রনাথের একখানা মালা’। ২৪ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী। রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ে লেখা কবিতা নিয়ে মঞ্চে আসেন বোধনের ২৩ আবৃত্তিকার। ফাঁকে ফাঁকে চলে কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা। অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ফেরদৌস আরা আলীম প্রথমে মঞ্চে আহ্বান করেন রবিশঙ্কর মৈত্রীকে। ‘একসময় রবিঠাকুরকে অলৌকিক মানুষ ভাবতাম। কিন্তু যত দিন গেছে, তাঁর সম্পর্কে যত পড়েছি, তাতে মনে হয়েছে তিনি আমাদের খুব আপন একজন।’ এভাবে কথার জাল বুনলেন রবিশঙ্কর।শুরুতে রবিঠাকুরের ‘প্রভাত উৎসব’ কবিতাটি নিয়ে মঞ্চে আসেন বনানী ব্যানার্জি। এরপর আবৃত্তি করেন নবীন শিল্পীরা।‘জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্ররূপিনী’ সায়রা শাহীদ ‘চিত্রা’ কবিতার প্রথম স্তবক দিয়েই যেন দর্শকদের মন স্পর্শ করলেন। ‘দুই বিঘা জমি’র নাটকীয়তা দিয়ে দর্শকদের পুনরায় মুগ্ধ করলেন ইসমাইল চৌধুরী। এরপর ‘কৃষ্ণকলি’, ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শুনে বেড়েছে মুগ্ধতার আবেশ। এবার কথার বৃষ্টি, মঞ্চে এলেন নাট্যজন আতাউর রহমান। তিনি বলেন, ‘এত সুন্দর এবং অভিনব কবিতার নির্মাণ হতে পারে! ভাবতেই অবাক লাগে।’ ছোটগল্প ‘শেষ পুরস্কার’-এ বিমলার শেষ পরিণতি আসলেই করুণ, তৈয়বা জহিরের কণ্ঠে তা মূর্ত হয়ে ওঠে। শারমিন মৃত্তিকার কণ্ঠে ‘পত্রলেখা’ কবিতা ছিল হূদয়ছোঁয়া। সাফিনা মুনতাহা, রীমা দাশ, নাজনীন লীলার আবৃত্তি ছিল মনোমুগ্ধকর। আবহসংগীত ছিল কবিতার সুরে বাধা। শিল্পীদের পোশাকেও ফুটে উঠেছিল ঠাকুরবাড়ির আবহ।আবার কথা—রবিশঙ্কর মৈত্রী বলেন, ‘কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান করা মানে মনে প্রশান্তি আসা, নিজেকে শুদ্ধ করা।’ কথার পর কথা—এবার সবাইকে শুভেচ্ছা জানাতে এলেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত। ফুরালো কবিতা আর কথার ডালা, শেষ হলো ‘নানা রবীন্দ্রনাথের একখানা মালা’।