শীতের সন্ধ্যায় সুরের উষ্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৯৮তম আয়োজনে গান পরিবেশন করেন শিল্পী তিভা
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৯৮তম আয়োজনে গান পরিবেশন করেন শিল্পী তিভা

শুরুতে ‘সব কটা জানালা খুলে দাও না’। চেনা এই সুর শ্রোতাদের আরও একবার আন্দোলিত করল। এরপর মুগ্ধতার আবেশ ছড়ানো দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল ও আধুনিক গান। শীতের সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে সুরের উষ্ণতা ছড়ালেন শিল্পী নাজরাতুন নাঈম তিভা।
আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় সংগীতসন্ধ্যা। এটি সংগঠনটির ৯৮তম আয়োজন। শুরুতে কথামালা নিয়ে মঞ্চে আসেন আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক লিটন মিত্র ও শিল্পীর পিতা সাব্বিরুল আলম চৌধুরী। শিল্পী তিভার হাতে সম্মাননাপত্র তুলে দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ রোসাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও কংকন দাশ।
অনুষ্ঠানে শিল্পী করেন ১৬টি গান। প্রায় দেড় ঘণ্টা সুরের মায়ায় শ্রোতাদের আচ্ছন্ন করে রাখেন। গেয়ে শোনান ‘মোর ঘুমও ঘোরে’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘আমার স্বপন কিনতে পারে’, ‘গানেরও খাতায় স্বরলিপি’, ‘তোমাকে শোনাতে’, ‘চঞ্চলা হাওয়া’, ‘দুটি মন আর’, ‘বিমূর্ত এই রাত্রি’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘যার ছায়া পড়েছে’, ‘মোহ শূন্য করে’, ‘যা উড়ে যারে’, ‘ওগো আর কিছু তো নই’ ও ‘এই পৃথিবীর পরে’। গানের সঙ্গে গলা মেলান শ্রোতারাও। সবশেষে ‘সোনার পালঙ্ক’ গানটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।
অনুষ্ঠানে তবলায় ছিলেন লিটন মিত্র ও পিপুল দাশ, অক্টোপ্যাডে জুয়েল দাশ, কি–বোর্ডে সৃজন রায় ও লিড গিটারে রাজীব ঘোষ।