শীতের সবজি এনেছে সুদিন
অতিবৃষ্টি ও বন্যার কারণে গত দুই মৌসুমে ফলন ভালো হয়নি, তবে এবার সেই ক্ষতি কাটিয়ে উঠেছেন শঙ্খপারের কৃষকেরা। শঙ্খ নদপারের দুই উপজেলা চন্দনাইশ ও সাতকানিয়ায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় ওই এলাকার প্রায় ২০ হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার তিন হাজার ৮০০ হেক্টর জমিতে এবার সবজির চাষ হয়েছে। উৎপন্ন হয়েছে প্রায় ৭৬ হাজার মেট্রিক টন সবজি।চন্দনাইশের কৃষক বাহার উদ্দীন জানান, তিনি দোহাজারীতে ৮০ শতক জমিতে হাইব্রিড গ্রিনবল বেগুনের চাষ করেছেন। এতে তার খরচ হয় দুই লাখ টাকা। এ পর্যন্ত তিনি খেত থেকে ছয় লাখ টাকার বেগুন বিক্রি করেছেন। আরও লাখ খানেক টাকার বেগুন বিক্রি করার আশা করছেন।চন্দনাইশের চাগাচর এলাকার কৃষক মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘অতিবৃষ্টি ও বন্যার কারণে গত দুই মৌসুমে সবজি চাষ করে লোকসান গুনতে হয়েছে। কিন্তু চলতি মৌসুমে সবজির বাম্পার ফলন হওয়ায় গত দুই মৌসুমের ক্ষতি পুষিয়ে উঠেছি।’দক্ষিণ চট্টগ্রামে এবার সবজির ফলন ভালো হওয়ায় পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন সাতকানিয়ার দোহাজারি রেলওয়ের মাঠে। রেলওয়ের এই মাঠে এখন সবজির বিশাল বাজার বসেছে। খুব ভোর থেকে সড়ক ও নদীপথে বিভিন্ন উপজেলা থেকে চাষিরা সবজি নিয়ে এখানে আসেন। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা এসব সবজি কিনে দেশের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করেন। উৎপাদিত সবজির মধ্যে রয়েছে বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা, বরবটি, শিম, আলু, মিষ্টি কুমড়া, লাউ, ঢ্যাঁড়শ ও পেঁপে। চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, সবজি চাষে অনুকূল পরিবেশ, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং পরিমাণমতো সার ও কীটনাশক ব্যবহার করায় এই মৌসুমে সবজির ভালো ফলন হয়েছে।